সংগীতকে ছেড়ে তো শিল্পী বাঁচবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আব্দুল হাদী। ছবি: প্রথম আলো
সৈয়দ আব্দুল হাদী। ছবি: প্রথম আলো

বাবা দিবস উপলক্ষে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘বাবা ছেলের টান’ শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে গানটির লিরিক্যাল ভিডিও আপলোড হয়েছে। কিশোরের সুরে দ্বৈতকণ্ঠের এই গানে আরও কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানটিসহ বর্তমান সময় নিয়ে কথা হলো সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে।

কেমন আছেন?
কারও সঙ্গে দেখা হলে কিংবা কথা হলে ‘ভালো আছি’ বলাটা ভদ্রতা। এখন আর তা করতে পারছি না, ভালো আছি বলতে পারছিনা। মোটেই ভালো নেই।

বাবা দিবস উপলক্ষে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘বাবা ছেলের টান’ শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত
বাবা দিবস উপলক্ষে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘বাবা ছেলের টান’ শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত

আপনার এই মোটেও ভালো না থাকার সময়টা কীভাবে কাটছে?
ঘর থেকে বের হতে পারছি না। তবে সময় আমার কেটে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে, আমার পড়াশোনা করার অভ্যাস। এখন লিখছিও। স্মৃতিকথাও লিখছি। বায়োগ্রাফি বলতে যেটা বোঝায়, এটা ঠিক তা নয়। সংগীতজীবনের সঙ্গে সম্পৃক্ত সমসাময়িক জীবন কেমন ছিল, তা উঠে আসবে। একটা সম্যক ধারণা পাবেন পাঠকেরা। এই ধরনের লেখা আগে লেখা হয়নি।

কবে নাগাদ স্মৃতিকথা পাঠকের হাতে পৌঁছাবে?
বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, তাতে কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। কবে যে পৃথিবী থেকে করোনা নিশ্চিহ্ন হবে, কেউ বলতেও পারছে না। আমার যেটা মনে হয়, আমাদের এটার সঙ্গে মানিয়ে বসবাস করতে শিখতে হবে। আগে দেখা যেত, বৃষ্টির দিনে কিংবা রোদের সময় ঘর থেকে ছাতা নিয়ে বের হতাম, এখন মাস্ক আর গ্লাভস পরে বের হতে হবে।

করোনায় লম্বা সময় ধরে লকডাউন পরিস্থিতিতে থাকায় অনেক মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। আত্মহত্যার মতোও ঘটনার খবর শোনা যায়।

এই সময়টায় সবচেয়ে সবচেয়ে বড় দেখছি, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে। আবার কর্ম থাকলেও মানুষ কাজ করতে পারছে না। মানুষের জীবন মানেই তো কাজ। মানুষ কিন্তু নিঃসঙ্গ প্রাণী নয়, এখন অনেকটা তেমন হয়ে পড়ছে। মানুষ এখন অনেক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই যে বিচ্ছিন্নতা বোধ, নিঃসঙ্গতা বোধ, অনিশ্চয়তা—কবে এই অবস্থার শেষ হবে কেউ জানি না। এসব নিয়েও একটা ভয় তো আছে। সবকিছু মিলিয়ে মানুষ মানসিকভাবে সত্যিই বিপর্যস্ত হয়ে পড়ছে। হঠাৎ হঠাৎ দুর্ঘটনার খবরও শুনতে পাই, কিন্তু যা মোটেও উচিত না।

মহামারির এই অবস্থায় গান কীভাবে মানুষের মনোজগতে শক্তি দিতে পারে?
অন্য কাজের পাশাপাশি এত দিন তো লিখেছি, পড়েছি, সবই করছি। করোনায় যত সময় নিয়ে গান শুনছি, অতটা সময় নিয়ে এর আগে গান শোনার অবসর পাইনি। দেশ-বিদেশের অনেক ধরনের গান শুনছি। ওয়েস্টার্ন ক্ল্যাসিক থেকে শুরু করে আমাদের ক্ল্যাসিক—সবই শুনছি। ক্ল্যাসিক বেশি শুনছি, কারণ ক্ল্যাসিকের মধ্যে হিলিং এলিমেন্ট অনেক বেশি।

এই সময়টায় যাঁরা হতাশ হচ্ছেন, তাঁদের জন্য আপনি কী বলবেন?
আমার মেয়ে তো নিউইয়র্কে থাকে। ও কিন্তু মাঝেমধ্যে ওর বাচ্চাদের নিয়ে ঘর থেকে বের হয়। গাড়ি নিয়ে ঘোরে। ওদের সুবিধা হচ্ছে মানুষের খুব ভিড় নেই, পার্কে যায়, একটু ঘোরাঘুরি করে। প্রকৃতির সঙ্গে সময় কাটায়। আমাদেরও উচিত, সপ্তাহে অন্তত এক দিন নিরিবিলি কোথাও যাওয়া। প্রকৃতির কাছাকাছি থাকা।

এই সময়েও কেন এমনটা মনে করছেন?
আমি সব সময় বলি, মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতির সঙ্গে যদি মানুষের যোগাযোগ না হয়, তাহলে তার মধ্যে মনুষ্যত্ব বোধ, মানবিকতা, জীবনবোধ জাগবে না। মানুষের চরিত্র গঠনে, জীবন গঠনে প্রকৃতির বিশাল ভূমিকা রয়েছে। এই করোনায় সব ধরনের প্রোটেকশন নিয়ে হলেও সপ্তাহে এক দিন একটু বাইরে গেলে কিছুই হবে না। মানুষের জন্য বাইরের আলো-হাওয়া দরকার। বাচ্চাদের যতই উপদেশ দিই না কেন, পড়ো, গান শোনো, সিনেমা দেখো, তা হবে না। তাদের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক গড়ে তুলতে হবে।

এবার ‘বাবা ছেলের টান’ প্রসঙ্গে কিছু বলুন। এই গানে প্রথমবার আপনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আপনারই অনুজ আসিফ আকবর।
আমার সৌভাগ্য বলতে হবে, ফিরোজা আপা (ফিরোজা বেগম) থেকে শুরু করে এই প্রজন্মের অনেকের সঙ্গেও গাইছি। তারই ধারাবাহিকতায় আসিফও আছে। অনেক আগে থেকে আসিফকে আমি অত্যন্ত স্নেহ করি। ছেলেটা একটু একগুঁয়ে হলেও, ঘাড়ত্যাড়া যাকে বলে আরকি, মানুষটা ভালো। ডাবল স্ট্যান্ডার্ড না, ওর স্ট্যান্ডার্ড একটাই। ও আমাকে বড় ভাইয়ের মতো সম্মান করে, ভালোবাসে। বহুদিন ধরে বলছিল, বড় ভাই, আপনার সঙ্গে একটা গান করব। আমিও বলেছি করো। আনন্দের সঙ্গে প্রস্তাব গ্রহণ করেছি। আসিফকে স্নেহ আরেকটা কারণে করি, আমাদের সময়ে কণ্ঠের যে কোয়ালিটি ছিল, সেটা আজকাল খুব একটা পাওয়া যায় না, যা আসিফের মধ্যে পাওয়া যায়। এসব মিলিয়ে কাজটা হয়েছে।

এই গানের সুরকার আরেকজন তরুণ—কিশোর।
ও তো একেবারেই তরুণ। আমার জীবনের প্রথম রেকর্ড করা নজরুলসংগীত কমল দাশগুপ্তের করা। আর এখন গাইলাম কনিষ্ঠতম কিশোর দাশের সুরে—সেই সময় থেকে এই সময়, এটা তো বিরাট সৌভাগ্যের।

সৈয়দ আব্দুল হাদী। ছবি: প্রথম আলো
সৈয়দ আব্দুল হাদী। ছবি: প্রথম আলো

করোনার কারণে পৃথিবীর অনেক কিছুই একটা সংকটের মধ্যে পড়েছে। সংগীতাঙ্গনও এই সংকটময় সময় পার করছে। এই অঙ্গনের ভবিষ্যৎ কী মনে করছেন?
করোনার কারণে সারা পৃথিবীকে সবকিছু নতুন করে ভাবতে হবে। আমি মনে করি, মানুষের দক্ষতা-যোগ্যতা অনেক বেশি। পৃথিবীতে অনেক সংকট, অনেক বিপর্যয় এসেছে, তাই বলে কি মানবসভ্যতা ধ্বংস হয়ে গেছে? ব্যাবিলন, মহেঞ্জোদারো, হরপ্পা, মিসরীয় সভ্যতা ধ্বংস হয়েছে, তাই বলে তো মানবসভ্যতা চিরতরে ধ্বংস হয়ে যায়নি। কাজেই এটা নিশ্চিত, মানুষ আবার উঠে দাঁড়াবে। আবার সবকিছু কর্মচঞ্চল হবে, তবে একটা পরিবর্তন আসবে। এটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক—সবকিছুতে হবে। আমি সব সময় বলে আসছি, মানুষের যে ভোগপ্রবণতা, লাগামহীন ভোগপ্রবণতা, আর চাই, আরও লাগবে—এই ভাবনার পরিবর্তন আনতে হবে। কিছু ক্ষেত্রে আসবেও। লাগামহীন অশ্বটা সম্পর্কে ভাবতে হবে। মহাত্মা গান্ধী বলেছিল, প্রকৃতির কাছে মানুষের প্রয়োজন মেটানোর সামর্থ্য আছে, কিন্তু মানুষের লোভ মেটানোর সামর্থ্য নেই।’ এই করোনা মানুষকে নতুন করে ভাবাবেই, ভাবাতে বাধ্য হবেই। সত্যিই আমাদের আর কত দরকার। কী দরকার। কোথায় যেতে চাই আমরা!

অনেকে বলছেন, শিল্পীদের স্টেজ শো আগামী দু-তিন বছর বন্ধ। শিল্পীদের আয়ের বড় এই জায়গা নিয়ে তরুণ প্রজন্মের অনেকে একটা শঙ্কার মধ্যে আছেন। যাঁরা সংগীতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কীভাবে মনোবল শক্ত রাখার কথা বলবেন? 

এখন হয়তো জীবন বাঁচিয়ে রাখার জন্য সাময়িকভাবে অন্য কিছু করতে পারে, তবে অবশ্যই গানকে সঙ্গী করে। সংগীতকে ছেড়ে তো শিল্পী বাঁচবে না। আমাদের সময় কিন্তু এত স্টেজ শো ছিল না। আমরা তখন রেডিও, টেলিভিশন, সিনেমায় আয়-রোজগার করতাম। তবে এখনকার শিল্পীরা বেশির ভাগ নির্ভর করে স্টেজ শোর ওপর। তবে এটাও ঠিক, সব সময় পরিস্থিতি এক রকম থাকে না। স্টেজ শো না থাকলে শিল্পীরা কি মরে যাবে? আমরা কি মরে গিয়েছিলাম? ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। সবাইকে এটা ভাবতে হবে, স্টেজ শো বাঁচার একমাত্র উপায় নয়। অনেক বিকল্প আছে, আরও বিকল্প বের হবেই। একটা সুন্দর উপায় বের হবেই।

সাক্ষাৎকার: মনজুর কাদের, ঢাকা