সংগীতাঙ্গনে আলোচিত ৫, ২০১৬
>বছরজুড়ে নানা ধরনের ঘটনা ঘটেছে দেশের সংগীতাঙ্গনে। এসেছে নতুন সংগীতশিল্পী, গান ও মিউজিক ভিডিও। শ্রোতাদের মধ্যে সাড়া জাগিয়েছে বেশ কিছু গান ও আয়োজন। এ রকম পাঁচটি গান ও গানসংশ্লিষ্ট ঘটনা তুলে ধরা হলো পাঠকদের জন্য।

১. লোকাল বাসের যাত্রা
গেল সেপ্টেম্বরের শুরুতে অনলাইনে মুক্তি পায় ‘লোকাল বাস’। মমতাজের গাওয়া এই গানটিতে মডেল হয়েছিলেন শৌমিক ও মুমতাহিনা টয়া। ভিডিওতে একঝাঁক তরুণের উপস্থিতি ছিল। প্রীতম হাসানের সুর ও সংগীতায়োজনে গানটি ব্যাপক আলোচিত ও সমাদৃত হয়। মমতাজের কল্যাণে হোক আর তরুণদের উপস্থিতির কারণেই হোক, গানটি দ্রুত পৌঁছে যায় দর্শকের কাছে। অনেক শিল্পী গানটি নিয়ে সমালোচনাও করেন।

২. মিনারের ‘ঝুম’
পুরো বছরেই ছিল মিউজিক ভিডিওর জয়জয়কার। ভালো মিউজিক ভিডিও লুফে নিয়েছেন দর্শক-শ্রোতারা। সেই তালিকায় আছে মিনারের ‘ঝুম’ শিরোনামের গানটি। শেয়ার ও ভিউয়ের দিক থেকে বিভিন্ন মাধ্যমে এগিয়ে আছে এটি। গেল জুনে মুক্তি পেয়েছে এটি। তা ছাড়া বছরজুড়ে আরও কিছু মিউজিক ভিডিও নিয়ে হয়েছে আলোচনা। যেমন ইমরানের ‘ফিরে আসো না’, তাহসানের ‘ছিপনৌকা’, শাওন গানওয়ালার ‘ইচ্ছে মানুষ’ ইত্যাদি।

৩. বাপ্পার ‘জানালার গ্লাস’
মে মাসে প্রকাশ পায় বাপ্পা মজুমদারের নতুন গান ‘জানালার গ্লাস’। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। গায়কি, মিউজিক ভিডিওর কারণে বেশ আলোচনায় আসে গানটি। বাপ্পা ও প্রসূনের অন্য রকম উপস্থাপনা ভক্তরাও গ্রহণ করেন ইতিবাচকভাবে।

৪. হাবিব ‘হিট’
বিগত বছরের মতো সংগীতশিল্পী হাবিবের গাওয়া বেশ কয়েকটি গান এ বছরও ‘হিট’ গানের তালিকায় ছিল। যেমন: বছরের শুরুতেই ‘মন ঘুমায় রে’, এরপর ‘বেপরোয়া মন’সহ বেশ কয়েকটি গান। গানগুলোর মডেল নির্বাচনের বেলায়ও হাবিব দিয়েছেন চমক। আর আয়নাবাজি ছবিতে তাঁর তৈরি ‘ধীরে ধীরে যাও না সময়’ গানটি এখনো ঘুরছে সবার মুখে মুখে।

৫. উইন্ড অব চেঞ্জ
বাংলাদেশ, ভারত, রাশিয়া ও লাটভিয়ার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে তৈরি হয়েছে টিভি অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’। তাঁদের সঙ্গে অংশ নিয়েছেন দেশের শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানটি সংগীতপ্রিয় শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। গানবাংলা চ্যানেলে প্রচার হয়েছে অনুষ্ঠানটি। প্রথম আলোর সঙ্গে একবার এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটি প্রসঙ্গে গানবাংলার স্বত্বাধিকারী ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস বলেছিলেন, ‘শুরু থেকেই গানবাংলা চ্যানেল চেষ্টা করছে নতুন সব ভাবনা নিয়ে কাজ করার। সেই ধারাবাহিকতায় আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম দেশের শিল্পী ও ভিনদেশি কলাকুশলীদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন করার।’