সংগীতাঙ্গনে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদুষী গিরিজা দেবী l ছবি: খালেদ সরকার
বিদুষী গিরিজা দেবী l ছবি: খালেদ সরকার

বাংলাদেশে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এ তিনবার গাইতে এসেছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী বিদুষী গিরিজা দেবী। গত বছরের নভেম্বর মাসে এ উৎসবে পরিবেশনের পর সংগীতজীবন থেকে অবসরে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার চলে গেলেন এই ‘ঠুমরি রানি’। সেনিয়া-বেনারস ঘরানার এই শিল্পীর বিদায়ে শোকাহত সংগীত অঙ্গন। ফেসবুক ও টুইটারে শোকবার্তা জানিয়েছেন শিল্পীরা।

লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর, কণ্ঠশিল্পী
মহান শাস্ত্রীয় ও ঠুমরি গায়িকা গিরিজা দেবী আমাদের মাঝে নেই। এই খবর শুনে আমি খুবই শোকাহত। আমার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমি তাঁকে শ্রদ্ধা জানাই। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।

ওস্তাদ আমজাদ আলী খান
ওস্তাদ আমজাদ আলী খান

ওস্তাদ আমজাদ আলী খান, সরোদশিল্পী
গিরিজা দেবী আমার হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। আমার বাবা ওস্তাদ হাফিজ আলী খান স্মৃতি উৎসবে চমৎকার পরিবেশন করেছিলেন তিনি। আমরা একসঙ্গে কলকাতা ও ব্রাসেলসে গান করেছি। ২০০৫ সালে সেটি একটি অ্যালবাম হিসেবেও বের হয়। ঠুমরি হৃদয় দিয়ে গাইতে হয়। গিরিজা দেবী ছিলেন সেই গায়কির শেষ মহান শিল্পী।

জাভেদ আখতার
জাভেদ আখতার

জাভেদ আখতার, গীতিকবি
গিরিজা দেবী শুধু একজন মহান শিল্পী ছিলেন না, ছিলেন জাতীয় সম্পদ। তাঁকে ছাড়া আমরা শূন্য। তাঁর চলে যাওয়ায় সংগীতের একটি অধ্যায় শেষ হলো। এমন শিল্পী আর আসবেন না। গিরিজাজি, আপনাকে আমার সালাম।

ওস্তাদ জাকির হোসেন
ওস্তাদ জাকির হোসেন

ওস্তাদ জাকির হোসেন, তবলাশিল্পী
আমাদের প্রিয় আপা ‘কাশীর কণ্ঠ’ গিরিজা দেবী আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। কী সৌভাগ্য, আমি মহান গিরিজা আপার সঙ্গে তানপুরা বাজিয়েছিলাম। নিজেকে সম্মানিত বোধ করছি।

বিদুষী শুভা মুদগাল
বিদুষী শুভা মুদগাল

বিদুষী শুভা মুদগাল, কণ্ঠশিল্পী
বিশাল ক্ষতি হয়ে গেল ভারতীয় সংগীতের। গিরিজা দেবী পরিবার ও গুণমুগ্ধদের ছেড়ে চলে গেলেন। এটা অপূরণীয় এক ক্ষতি।

ওস্তাদ আশিস খান
ওস্তাদ আশিস খান

ওস্তাদ আশিস খান, সরোদশিল্পী
তাঁর চলে যাওয়ায় স্তব্ধ হয়ে গেছি। আমাদের শেষ কিংবদন্তি চলে গেলেন। গত বছর শীতে তাঁর সঙ্গে দেখা করার সময় আমার সঙ্গে গান রেকর্ড করতে চেয়েছিলেন। তা আর হলো না, এটা আমার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য।

আবুল খায়ের
আবুল খায়ের

আবুল খায়ের, চেয়ারম্যান, বেঙ্গল ফাউন্ডেশন
তাঁর সঙ্গে ১৯৮৯ সালে পরিচয়। কিছুটা মা, কিছুটা বড় বোনের মতো সম্পর্ক ছিল তাঁর সঙ্গে। গত বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের সময় আমাদের বাড়িতে এসেছিলেন। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি। বছর তিন আগে তাঁর ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে আমাকে যেতে বলেছিলেন তাঁর বেনারসের বাড়িতে। বলেছিলেন, সেখানে না গেলে তিনি আর বাংলাদেশে আসবেনই না। ঠুমরির নতুন একটি ঘরানা তৈরি করেছিলেন তিনি। এক শিল্পীর ঠুমরি অন্য শিল্পীরা গাইতে পারতেন, তাঁরগুলো কারও পক্ষে গাওয়া সম্ভব ছিল না। উচ্চাঙ্গসংগীত উৎসবের কারণেই তাঁর মতো মানুষ এ দেশে এসেছিলেন, এখানকার তরুণেরা ঠুমরি শোনার সুযোগ পেয়েছিল। তাঁর চলে যাওয়া আমার জন্য সত্যিই দুঃখের।

পঙ্কজ উদাস
পঙ্কজ উদাস

পঙ্কজ উদাস, কণ্ঠশিল্পী
কিংবদন্তি গিরিজা দেবীর চলে যাওয়ায় ভারতীয় শাস্ত্রীয় সংগীতে একটি শূন্যতা তৈরি করবে। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুন, প্রণাম।

কৌশিকী চক্রবর্তী
কৌশিকী চক্রবর্তী

কৌশিকী চক্রবর্তী, কণ্ঠশিল্পী
গিরিজা দেবীজি, আপনাকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা। আমার পুরো শৈশব কেটেছে এসআরএতে (সংগীত রিসার্চ একাডেমি, কলকাতা) আপনাকে ঘিরে। তার ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ।

শংকর মহাদেবান
শংকর মহাদেবান

শংকর মহাদেবান, কণ্ঠশিল্পী
একটি যুগের সমাপ্তি হলো ...আমাদের প্রিয় গিরিজা দেবীজি চলে গেলেন অন্য জগতে। এই গ্রহে তাঁর কণ্ঠ রয়ে যাবে চিরকাল।

আয়ান আলী বাঙ্গাশ
আয়ান আলী বাঙ্গাশ

আয়ান আলী বাঙ্গাশ, সরোদশিল্পী
সংগীতাঙ্গন আরও একটি হীরক হারাল! বিভিন্ন অনুষ্ঠানে শ্রীমতী গিরিজা দেবীজির সঙ্গে সাক্ষাৎ ও পরিবেশনা শোনার সৌভাগ্য হয়েছিল। একটি উজ্জ্বল সংগীত সফরের সমাপ্তি হলো।