সংগীতের 'কল্যাণী' সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

২৫ বছর বয়সী সাড়া জাগানো সংগীতশিল্পী টেইলর সুইফট আবারও নতুন করে সাড়া জাগিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে। সাড়া জাগিয়েছেন সিয়াটল সিম্ফনির সংগীতকার ও সংগীতশিক্ষার্থীদের মনেও। অবশ্য কোনো গান কিংবা অ্যালবাম দিয়ে নয়; সুইফট তাঁর নতুন এক কর্মকাণ্ডে সবার হৃদয়ে ভিন্ন এক উচ্চতায় ঠাঁই করে নিয়েছেন। অবশ্য কোনো সাধারণ কাজ দিয়ে নয় কিংবা ‘ব্ল্যাংক স্পেস-এর মতো তাঁর কোনো গানের জন্যও নয়। সিয়াটল সিম্ফনি নামের একটি সংগীতবিষয়ক প্রতিষ্ঠানের জন্য ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
টেইলর সুইফট মনে করেন, তাঁর দেওয়া এই অর্থে যদি কিছুটা হলেও অর্থাভাব কাটে সিয়াটল সিম্ফনির সংগীতকারদের, যদি কিছুটা উপকৃত হন এখানকার তরুণ সংগীত শিক্ষার্থীরা; তাহলেই তিনি তাঁর এই উদ্যোগকে সার্থক মনে করবেন।
এই জনপ্রিয় সংগীতশিল্পী সিয়াটল সিম্ফনির সংগীতপরিচালক লুডোভিক মরলটকে এক চিঠি লিখেছেন। সুইফট তাঁর চিঠিতে সিয়াটল সিম্ফনির ‘বিকাম ওশান’ নামের পরিবেশবিষয়ক গানের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। সিয়াটল সিম্ফনির ‘বিকাম ওশান’ গানটি গ্র্যামি এবং পুলিৎজার পুরস্কার জিতেছে।
এ প্রসঙ্গে সিয়াটল সিম্ফনির সংগীতপরিচালক মরলট বলেছেন, ‘আমি রীতিমতো অবাকই হয়ে গিয়েছিলাম; যখন শুনলাম যে, টেইলর সুইফট সিয়াটল সিম্ফনিতে উপস্থিত আর সবার মতোই ‘বিকাম ওশান’ গানটি শুনে নড়েচড়ে বসেছিলেন।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটি অনন্য এক সাউন্ডসকেপের অসাধারণ একটি ট্র্যাক। আমরা সৌভাগ্যবান; কারণ, তাঁর মতো কেউ একজন আমাদের (মিউজিশিয়ানদের) পাশে আছেন।’

মরলট এও বলেন, ‘তিনি (টেইলর সুইফট) আমাদের বিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। কেননা, এখন আমরা জানি যে, সবাই একবার হলেও এই সিম্ফনি মিউজিক শুনবেন।’
টেইলর সুইফটের এই সহায়তার অর্থ সিয়াটল সিম্ফনিতে দুভাবে ব্যয় হবে। প্রথমত; সুইফটের এই দানের কিছু অংশ যাবে সিয়াটল সিম্ফনির (মিউজিশিয়ান) সংগীতকারদের পেনশন ও পারিতোষিকে। আর এ অর্থের বাকি অংশ ব্যবহৃত হবে সংগীত একাডেমীর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। নিউ ইয়র্ক টাইমস। পিটিআই।