সঞ্জীব চৌধুরীকে 'বেনানন্দ' উৎসর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসের সদস্যরা
বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসের সদস্যরা

বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের প্রথম স্টুডিও অ্যালবাম ‘বেনানন্দ’ প্রকাশিত হচ্ছে কাল ২৪ ​ডিসেম্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক খুলবেন নাট্যব্যক্তিত্ব শংকর সাঁজওয়াল, সংগীত পরিচালক পার্থ মজুমদার এবং অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনার চেয়ারম্যান মতিউর রহমান। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীকে।

সঞ্জীব চৌধুরী
সঞ্জীব চৌধুরী

‘বেনানন্দ’ অ্যালবামে রয়েছে আটটি গান। এর মধ্যে তিনটি লালনগীতি— ‘জাত গেল জাত গেল বলে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘বাড়ির কাছে আরশি নগর’; রাধা রমণের গান ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’, ‘কারে দেখাব মনের দুঃখ গো বুক চিরিয়া’ ও ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’, হাসন রাজার ‘আগুন লাগাইয়া দিল কনে’ এবং মোহন দত্তর ‘বেনানন্দ’। অ্যালবামের সবগুলো গানের সংগীতায়োজন করেছে বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস।
‘বেনানন্দ’ অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা বলেছেন, ‘লোকগান সব সময়ই আমাকে টানে। এটা মাটির গান। সুযোগ পেলেই মঞ্চে একটা-দুটো লোকগান করি। একটা অ্যালবাম করার ইচ্ছে অনেক দিনের।’
বাপ্পা বলেন, ‘সঞ্জীব চৌধুরীর জন্মদিন ২৫ ডিসেম্বর। তাঁর জন্মদিন উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করতে পারছি, তাই বেশি ভালো লাগছে।’