সত্যিকারের ভালোবাসার গান 'মিথ্যে নয়'


‘এই ভিডিওতে একটা ব্যাপার আছে, যেখানে এই প্রথম আমাকে একটি ভিন্ন চরিত্র ধারণ করতে হয়েছে। গানের ভিডিওতে থাকছেন দুজন মডেল। তাঁদের সঙ্গে আমার চরিত্রটির অতীত ও বর্তমান দুটি জীবনকে তুলে আনা হয়েছে।’ বলছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাঁর নতুন গানের ভিডিওর বর্ণনা তিনি দিচ্ছিলেন এভাবে। শফিক তুহিনের লেখা গানটির শিরোনাম ‘মিথ্যে নয়’। ভালোবাসা দিবস উপলক্ষে গানটির অডিও মুক্তি পেয়েছে ইউটিউবে। এখন চলছে এর ভিডিও তৈরির কাজ।
হাবিবের সুর, সংগীত ও কণ্ঠে গাওয়া এই গানের ভিডিও তৈরির কাজ শুরু হয়েছে গত সোমবার। ঢাকার বিভিন্ন স্থানে হয়েছে এর শুটিং। শেষ হবে আজ বুধবার। গানের ভিডিওটি নির্মাণ করছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক। এ ব্যাপারে হাবিব বলেন, ‘প্রেক্ষাগৃহের সঙ্গে আমার প্রথম কাজ এটি। ভিডিওতে গানের মধ্যে তাঁদের গল্প বলার ধরন দারুণ। প্রথম দিনই কাজ করে যতটুকু অনুভব করেছি, তাতে মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে।’
এদিকে ভালোবাসা দিবসে ভিডিওটির মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলে জানান হাবিব। ভিডিওটির মুক্তি নিয়ে হাবিব বলেন, গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের আত্মপ্রকাশ ২৫ ফেব্রুয়ারি। ওই দিনই গানের ভিডিওটি ওই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ইউটিউবে মুক্তি পাবে।