সন্তান পরিচর্যা নিয়ে শাকিরার মোবাইল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী শাকিরা
সংগীতশিল্পী শাকিরা

‘হিপস ডোন্ট লাই’ তারকা সংগীতশিল্পী শাকিরা শিগগিরই একটি মোবাইল অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছেন। শাকিরা ভক্তরা হয়তো এ খবরে খানিক নড়েচড়ে বসতে পারেন। তাঁদের জন্য খবর হচ্ছে— এই মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপটি জনপ্রিয় পপসংগীত তারকা শাকিরার গানের কোনো অ্যাপ নয়। শাকিরার এই মোবাইল অ্যাপটির বিষয়— ‘প্যারেন্টিং’ বা শিশু পরিচর্যায় বাবা-মায়ের ভূমিকা। 

মাত্র কয়েক দিন আগেই জনপ্রিয় এই পপ সংগীতশিল্পী জানিয়েছিলেন, মা হওয়া সহজ কাজ নয়। আর এবারে তিনি সবাইকে মা হিসেবে তাঁর নানা অভিজ্ঞতার বিষয়সহ সন্তান পরিচর্যায় বাবা-মায়ের ভূমিকা ও করণীয় জানাতে একটি মোবাইল অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছেন।
এর আগে শাকিরা জানিয়েছিলেন, তাঁর জীবনে এ পর্যন্ত যত ধরনের কঠিন কাজ তিনি করেছেন এর মধ্যে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে— মা হওয়া।
কিছুদিন আগে ‘ফিশার প্রাইস’ নামের একটি প্রতিষ্ঠানের এক আয়োজনে এমন মন্তব্য করেন জনপ্রিয় এই সংগীত তারকা। কমবয়সী মায়েদের সচরাচর যে সব সমস্যায় পড়তে হয় সে বিষয়টিকে নিয়েই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিশার প্রাইসের এ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।
শাকিরা ফিশার প্রাইসের এ অনুষ্ঠানে জানিয়েছিলেন, অনলাইনে কমবয়সী মায়েদের জন্য নানা সহায়তা ও তথ্যের ব্যাপারে খোঁজখবর নিতেন তিনি। তিনি বলেছিলেন ‘আমি অনলাইনে সব সময়েই এ সংক্রান্ত সহায়তা ও তথ্যের বিষয়ে খোঁজ নিতাম।’
শাকিরা এও জানিয়েছিলেন, জীবনে যত কঠিন কাজ তিনি করেছেন, তার মধ্যে মা হওয়ার বিষয়টিই সবচেয়ে কঠিন।
পপ সংগীতের জনপ্রিয় তারকা শাকিরার প্রথম প্রেম ছিল আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া। শাকিরা তাঁদের সেই দীর্ঘ ১১ বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১০ সালে। আর সে বছরই তাঁর চেয়ে বয়সে প্রায় ১০ বছরের ছোট ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম দেখা হয়। এর পরের বছরের মার্চ মাসে স্প্যানিশ এই ফুটবল তারকার সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন শাকিরা। ফুটবল তারকা পিকে ও সংগীত তারকা শাকিরার সংসারে এখন দুই সন্তান। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।