সন্তানদের প্রতি সামিনা চৌধুরীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিনা চৌধুরী
সামিনা চৌধুরী

শহরের রাস্তায় বের হলে প্রায়শই চোখে পড়ে, গাড়িতে বসা মানুষেরা ভেতর থেকে বিচিত্র সব জিনিসপত্র ছোড়েন। এতে নোংরা হয় চারপাশ। এ ছাড়া, অনেক গাড়িচালক আছেন, যাঁরা রাস্তায় বের হলেই অকারণে হর্ন বাজাতে থাকেন। এতেও পথচারীরা বেশ বিরক্ত হন। মানুষের এমন ব্যবহারের পরিবর্তন হওয়াটা খুব জরুরি বলেই মনে করেন গায়িকা সামিনা চৌধুরী। তিনি তাঁর দুই সন্তান ‘তেজী’ ও ‘বীরবল’কে এ ব্যাপারে কঠোর নির্দেশনাও দিয়েছেন বলে জানিয়েছেন।

সামিনা চৌধুরী বলেন, ‘ঢাকার রাস্তায় চলার পথে যখন এমন দৃশ্য চোখে পড়ে তখন খুব বিরক্ত হই। আর তাই এ ব্যাপারে সন্তানদের সচেতন করেছি। শুধু তাই নয়, বাসার কাজের মানুষ, গাড়ির ড্রাইভারকেও এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছি আমি।’

সামিনা চৌধুরী আরও বলেন, ‘গানের কারণে বিশ্বের অনেক দেশেই যাওয়া হয়েছে। ওসব দেশে যখন রাস্তায় বের হই তখন চারপাশটা দেখলে মনটা ভরে যায়। অথচ, আমাদের দেশে বেশির ভাগ মানুষকে দেখি, গাড়ি থেকে বিভিন্ন ময়লা অবলীলায় রাস্তায় ছুড়ে ফেলেন, অকারণে গাড়ির হর্ন বাজাতে থাকেন।’

সামিনা বলেন, ‘এই বিষয়টি মাথায় আসার পর শুরুতে আমি আমার গাড়িতে একটা ময়লার ঝুড়ি রেখেছিলাম। সবার প্রতি নির্দেশ ছিল, কোনো ময়লা যেন গাড়ির গ্লাস দিয়ে বাইরে ফেলা না হয়। চালককেও বলে দিয়েছি, অকারণে যেন গাড়ির হর্ন না বাজায়। আমার পরিবারের সবাই এসব ব্যাপারে বেশ সচেতন। আমরা যদি নিজেরাই নিয়ম আর সৌন্দর্যের মধ্যে থাকি চারপাশটা এমনিতেই সুন্দর হয়ে উঠবে।’