সন্দীপনের নতুন জীবন

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন সংগীতশিল্পী সন্দীপন। কনে চামেলী বসু ঢাকার একটি স্কুলের শিক্ষিকা। গতকাল সোমবার রাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
বিয়ের অনুভূতি প্রকাশ করে সন্দীপন বলেন, ‘এক দিনের ব্যবধানে জীবনের অনেক বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বিয়ের আগ মুহূর্তে বিষয়টি টের পাইনি। এ একদমই অন্য রকম অনুভূতি। এতদিন উন্মুক্ত পাখির মতো ছিলাম। এখন আর সেভাবে চলা সম্ভব হবে না। দায়িত্বটা বেড়ে যাচ্ছে। তবে সব মিলিয়ে সময়টা খুব উপভোগ করছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন সুখী হতে পারি।’
সন্দীপন এখন নিজের অষ্টম একক অ্যালবামের কাজ করছেন। অ্যালবামটির গান লিখেছেন বাংলাদেশ ও কলকাতার গীতিকারেরা। অ্যালবামটি বাংলা নববর্ষে প্রকাশিত হবে বলে জানান সন্দীপন। খুব শিগগিরই বাপ্পা মজুমদারের সুরে আরেকটি একক অ্যালবাম করতে যাচ্ছেন সন্দীপন। সন্দীপনের গাওয়া সর্বশেষ প্রকাশিত অ্যালবামটি হচ্ছে ‘বন্ধু পরবাসী’ যা কলকাতায়ও প্রকাশিত হয়েছে।