সন্দীপনের 'সোনাযাদু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দীপন
সন্দীপন

দুই বছর পর প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সন্দীপনের নতুন একক গানের অ্যালবাম ‘সোনাযাদু’। মঞ্চ ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে এত দিন ব্যস্ত ছিলেন তিনি। এ কারণে একক অ্যালবামে মনোযোগ দিতে পারেননি। এবার চারটি লোকজ ধাঁচের গান দিয়ে প্রকাশিত হলো তাঁর নতুন অ্যালবাম।
সন্দীপনের অ্যালবামের গানগুলো হচ্ছে—‘সোনাযাদু’, ‘অন্তর থেকে বাইরে এসে’, ‘বেহেশতের ফুল’ ও ‘ডুগডুগি’। মূলত লোকজ ঘরানার গানের জন্যই শ্রোতাদের কাছে বেশি সমাদৃত তিনি। অ্যালবামটিও সাজানো হয়েছে লোকজ ও লোক-আধুনিক ঘরানার গান নিয়ে। অ্যালবাম নিয়ে তিনি বলেন, দেলোয়ার আরজুদা শরফ ভা​ইয়ের উৎসাহে মূলত অ্যালবামটি করা। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। গীতিকার শরফ বলেন, ‘সন্দীপন আমার প্রিয় একজন শিল্পী। এবারই প্রথম তাঁর একক অ্যালবাম করলাম। সন্দীপনের জন্য নিজের স্টাইলেই গানগুলো লেখার চেষ্টা করেছি।’
সন্দীপনের প্রথম একক অ্যালবাম ‘সোনাবন্ধু’ প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘সোনার মেডেল’ (২০০৫), ‘ট্রিবিউট টু এসডি বর্মণ অ্যান্ড আরডি বর্মণ’ (২০০৬), ‘আয় প্রাণের উৎসবে’ (২০০৮), ‘চান মুখে মধুর হাসি’ (২০১০) ‘ভাবের ঘরে’ (২০১১) এবং ‘আয় প্রাণের উৎসবে’ (২০১৪)। তাঁর নতুন অ্যালবাম ‘সোনাযাদু’র গানগুলোর সুর করেছেন অভি আকাশ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।