সন্ধ্যায় আলতাফ মাহমুদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ আগস্ট ১৯৭১। ঢাকা শহরজুড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো অভিযানে আটক হন গেরিলা বাহিনীর কয়েকজন তরুণ সদস্য। এই অভিযানের ধারাবাহিকতায় পরদিন ভোরে আটক হলেন সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ। তাঁদের অনেকেই পরে আর ফিরে আসেননি। তাঁদের স্মরণে আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

সুরস্রষ্টা আলতাফ মাহমুদ
ছবি: সংগৃহীত

‘সুরস্রষ্টা আলতাফ মাহমুদ স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও সদস্যসচিব সারা যাকের। আলোচনায় অংশগ্রহণ করবেন চিত্রশিল্পী আবুল বারক আলভী, আলতাফ মাহমুদের স্বজন নৃত্যশিল্পী মিনু হক, কথাসাহিত্যিক আনিসুল হক, স্মৃতিচারণা ও সংগীত পরিবেশন করবেন আলতাফ মাহমুদের বোন সংগীত ও নাট্যশিল্পী শিমুল ইউসুফ। পিতাকে নিয়ে বলবেন আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। মুক্তিযুদ্ধ জাদুঘরের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

আলতাফ মাহমুদ ১৯টি চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে বিখ্যাত চলচ্চিত্রগুলো হলো ‘জীবন থেকে নেয়া’, ‘ক্যায়সে কাহু’, ‘কার বউ’, ‘তানহা’, ‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘দুই ভাই’, ‘সংসার’, ‘আঁকাবাঁকা’, ‘আদর্শ ছাপাখানা’, ‘নয়নতারা’, ‘শপথ নিলাম’, ‘প্রতিশোধ’, ‘কখগঘঙ’, ‘কুচবরণ কন্যা’, ‘সুযোরাণী দুয়োরাণী’, ‘আপন দুলাল’, ‘সপ্তডিঙ্গা’ প্রভৃতি।

শহীদ আলতাফ মাহমুদ
ছবি: পারিবারিক অ্যালবাম থেকে

১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশালে মুলাদীর পাতারচর গ্রামের ফকিরবাড়ীতে শহীদ আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের সুরস্রষ্টা হিসেবেই আজীবন বাঙালির হৃদয়ে টিকে থাকবেন তিনি। গানটির প্রথম সুর করেছিলেন আরেক বিশিষ্টজন আবদুল লতিফ। পরে আলতাফ মাহমুদের সুরটিই কালজয়ী হয়। ১৯৭১ সালের ৩০ আগস্ট আলতাফ মাহমুদকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী।

২০০৪ সালে সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য আবদান রাখায় শহীদ আলতাফ মাহমুদকে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) দেওয়া হয়। তাঁকে বিশেষভাবে স্মরণ ও সম্মান করতে প্রতিষ্ঠা করা হয়েছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।