সফি মণ্ডলের কণ্ঠে লালন সাঁইয়ের ‘সহজ মানুষ’
বাংলার চিরায়ত লোকগানের ভান্ডার থেকে বাছাই করা একগুচ্ছ গান ভিডিওসহ প্রস্তুত করা হয়েছে নতুন প্রজন্মের জন্য। ‘শিকড়ের গান’ শিরোনামে সেগুলো একে একে প্রকাশিত হচ্ছে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এরই ধারাবাহিকতায় আজ রাতে নবসংগীতায়োজনে প্রকাশিত হচ্ছে সফি মণ্ডলের কণ্ঠে লালন সাঁইয়ের ‘সহজ মানুষ’ গানটি।
এ রকম ৫৫টি লোকগান নতুন করে তুলে ধরা হবে নতুন প্রজন্মের কাছে। নতুন গানগুলো উপস্থাপিত হচ্ছে পিয়ানো সংস্করণে। গত সপ্তাহে প্রকাশিত হয় ‘শিকড়ের গান’–এর প্রথম গান ‘আমার বন্ধু দয়াময়’, গেয়েছেন অবন্তি সিঁথি। ডিজে রাহাতের পরিকল্পনা এবং গোলাম রাব্বানীর সংগীতায়োজনে এই সময়ের ১৬ জন তরুণ গেয়েছেন শিকড়ের গানগুলো। শিল্পীদের সেই তালিকায় আছেন আঁচল, শাওন গানওয়ালা, শামীম, আনিকা, পারভেজ, পিন্টু ঘোষ, লামিয়া, সুমি মির্জা, মেজবাহ বাপ্পী, সাবরিনা সাবা, ইমরান, হাসিব, মাহতিম শাকিব, পূর্ণতা ও নূর নবী। লোকগানের তালিকায় রয়েছে ‘নিশা লাগিল রে’, ‘বন্ধু তোর লাইগা রে’, ‘নদী ভরা ঢেউ’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘হার কালা করলাম রে’, ‘বিহুরে লগন’, ‘বনমালি তুমি’, ‘সময় গেলে সাধন’, ‘তুই যদি আমার হইতি রে’–এর মতো গানগুলো। এ ছাড়া থাকবে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত।
প্রতি শুক্রবার অবমুক্ত হবে একটি করে শিকড়ের গান। প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়াও এগুলো দেখা যাবে ডিজে রাহাতের পেজ ও চ্যানেলে। প্রথম আলো ডটকম নিবেদিত শিকড়ের গান নির্মাণে সহযোগিতা করেছে ঐক্য ডটকম ডটবিডি।