সবার ভালোবাসায় অনুপ্রাণিত রুনা লায়লা

জন্মদিনে বন্ধু, সহকর্মী, দর্শক, ভক্ত ও শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সবার কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে ভীষণভাবে অনুপ্রাণিত এই গায়িকা। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপে জানালেন তাঁর এই অনুভূতির কথা।
গতকাল ১৭ নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, ও স্টেজ শো’তে আলো ছড়ানো এই শিল্পীর জন্মদিন উপলক্ষে দেশের প্রায় সব পত্রিকায় বিশেষ ফিচার প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় শিল্পীর সঙ্গে নিজেদের ছবি দিয়ে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
রুনা লায়লা বলেন, ‘জন্মদিন উপলক্ষে পরিচিত-অপরিচিত বন্ধু-শুভাকাঙ্খিরা ও সহকর্মীরা মোবাইলে মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে বন্ধুরা খুব সুন্দর কথার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। সবাই যে আমাকে এখনো এতটা ভালোবাসেন তার প্রমাণ আবারও পেলাম। যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। জন্মদিনে সবার কাছে চাইব, আমি যেন আরও গাইতে পারি, সবাই আমার জন্য যেন সেই দোয়া করেন।’
জন্মদিনের সকালটা কেমন ছিল জানতে চাইলে রুনা লায়লা বলেন, ‘ওই যে বললাম, অনেক সুন্দর সুন্দর শুভেচ্ছাবার্তা পেয়েছি। এর বাইরে বাকিটা অন্যদিনের মতো। তবে সন্ধ্যায় পরিবারের সবাইকে বাসায় ছোট্ট একটা আয়োজন করা হয়। সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করি আর আড্ডা দিই।’