সমরজিতের গানে রূপরেখা

২০০০ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চের বৃত্তি নিয়ে ভারতে পড়তে যান সমরজিৎ রায়। পড়াশোনা শেষে এখন দিল্লির গান্ধার্বো মহাবিদ্যালয়ের উচ্চাঙ্গসংগীতের শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি। পাশাপাশি ভারতীয় সংগীতাঙ্গনেও রয়েছে তাঁর বিচরণ। আসছে মার্চে মুক্তি পাচ্ছে এ শিল্পীর হিন্দি গানের একক অ্যালবাম ফিকর: এক এহসাস। এতে থাকবে দুটি দ্বৈতগান। এর একটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন রূপরেখা ব্যানার্জি। সংগীতবিষয়ক রিয়েলিটি শো ফেম গুরুকুল দিয়ে সবার নজরে আসেন রূপরেখা।
সমরজিতের সঙ্গে রূপরেখার গানটির শিরোনাম ‘দিল কি খিড়কি’। রূপরেখা প্রথম আলোকে বলেন, ‘এর আগে সমরজিৎ দার সঙ্গে গান করা হয়নি। তবে আমি তাঁর আগের গানগুলো শুনেছি। তাঁর আগের অ্যালবামটি ভারতের জিমা (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। আশা করছি, এবারের অ্যালবামটি আরও ভালো করবে।’
সমরজিৎ বলেন, ‘রূপরেখার সঙ্গে একটি গান করেই আমাদের সম্পর্ক বেশ সহজ হয়ে গেছে। আমাদের মধ্যে কথা হচ্ছে কিছু বাংলা গানেরও কাজ করার।’
সমরজিতের নতুন অ্যালবাম ফিকর: এক এহসাস-এ থাকবে নয়টি গান। সব গানের সুর ও সংগীত সমরজিৎ রায়ের করা। বাংলাদেশের শ্রোতারা সমরজিতের এই গানগুলো অ্যালবাম মুক্তির পর শুনতে পাবে আই টিউনস, সাউন্ডক্লাউড ও ইউটিউবে।