সমরজিৎ–প্রিয়াঙ্কার গান, প্রিয়াঙ্কার নাচ
মহালয়ার গান নিয়ে আসছেন শিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। সমরজিৎ রায়ের সুর ও সংগীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের গানটি লিখেছেন প্রবীর দত্ত সাজু। আগামীকাল ইউটিউবে গানটির সংগীতচিত্র প্রকাশ করা হবে। এতে নেচেছেন গৌড়ীয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস।
সমরজিৎ রায় বলেন, ‘পূজায় নতুন গান প্রকাশের আনন্দই অন্য রকম। বরাবরের মতোই আমাদের দুজনের ধরনে একটি মহালয়ার গান তৈরির চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ প্রিয়াংকা গোপ বলেন, ‘মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। এত চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য সমরজিৎ দাদাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। সঙ্গে থাকছে আমার প্রিয় শিল্পীর নাচ। সন্দেহ নেই গানটি সবার ভালো লাগবে।’ র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস বলেন, ‘দারুণ এই গানের কথা যখন দিদির কাছে জানতে পারি, তখনই সেটা আমার ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে এই আয়োজনে যুক্ত করার জন্য। প্রিয় দুই শিল্পীর গানে আমার নৃত্যাঞ্জলি আশা করি সবার ভালো লাগবে।’
‘শরৎ প্রভাতে’ গানের সংগীতচিত্রের নির্দেশনা দিয়েছেন পিজিত মহাজন। নতুন এই গান ও র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের পরিচালনায় নৃত্যাঞ্জলির ভিডিও প্রকাশিত হবে কাল সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।