সম্ভাবনাময় সংগীতশিল্পীদের খুঁজছে ইমাজিন রেডিও

প্রতিভাবান সংগীতশিল্পীদের খুঁজে বের করতে টেক এন্টারটেইনমেন্ট স্টার্টআপ এবং মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইমাজিন রেডিও প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ইমাজিন মিউজিক ইনকিউবেটর’। তরুণ গীতিকার, সুরকার এবং শিল্পীদের জন্য নিজেদের সৃষ্টিকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম তৈরি করা এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ইমাজিন রেডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়ে অনেক শিল্পীর সাধনা ও পরিশ্রমের ফসল অসংখ্য গান, গানের কথা কিংবা সুর আড়ালেই থেকে যায়। শ্রোতাদের কাছে পৌঁছাতে না পেরে একসময় হারিয়ে যায় ব্যক্তির শিল্পীসত্তা। নোট খাতার পাতা কিংবা নীলচে আলোর স্ক্রিনে সীমাবদ্ধ থাকা সেই সব গান আর কথাগুলোকে এবার এক বৃহত্তর স্বীকৃতি দেবে এই প্ল্যাটফর্ম। সেই প্রত্যয় নিয়েই যাত্রা শুরু করছে ‘ইমাজিন মিউজিক ইনকিউবেটর—সিজন-১’।
এই আয়োজনের প্রথম ধাপে শিল্পীদের সৃজনশীল কনটেন্টগুলো অনলাইনে রেজিস্ট্রেশন হবে। ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই রেজিস্ট্রেশন চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। পরবর্তী ধাপে নিবন্ধিত হওয়া কনটেন্টগুলোর মধ্য থেকে দেশের প্রখ্যাত মিউজিশিয়ানদের প্যানেল দ্বারা যাচাই-বাছাই করা হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত কনটেন্টের একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। ইমাজিন মিউজিক ইনকিউবেটরের প্রথম সিজনে প্রাথমিকভাবে সর্বোচ্চ ১০টি পর্যন্ত গান নির্বাচন করা হবে।
সিলেকশন রাউন্ড শেষে ধাপে ধাপে রেকর্ডিং, মাস্টারিং এবং ভিডিও প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর ইমাজিন রেডিওর নিজস্ব প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমে গানগুলো রিলিজ এবং প্রমোট করা হবে। দেশের খ্যাতনামা মিউজিশিয়ানরা ইমাজিন রেডিওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের একটা প্ল্যাটফর্ম প্রতিভাবান তরুণদের মধ্যে আগ্রহ তৈরিতে বেশ ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
আগ্রহী শিল্পীরা এই ঠিকানায় ‘ইমাজিন মিউজিক ইনকিউবেটর—সিজন-১’-এ নিজ নিজ কনটেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।