সম্মানী ছাড়াই গাইলেন মাকসুদ ও কনকচাঁপা

২০২১ সালে বাংলাদেশ উদ্যাপন করবে স্বাধীনতার ৫০ বছর। এ উপলক্ষে কলম সংগ্রহ করে একটি ব্যতিক্রমী ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছেন দেশের ৫০ জন তরুণ ও ৫০ জন তরুণী। সারা দেশ থেকে ৫০ লাখ কলম সংগ্রহ করে এই ভাস্কর্য তৈরি করা হবে। সম্প্রতি এই ভাস্কর্য নির্মাণের জন্য কলম সংগ্রহ এবং প্রচারণার জন্য তৈরি করা হয়েছে একটি ‘থিম সং’। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মাকসুদ ও কনকচাঁপা। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন মইনুল ইসলাম খান। তাঁরা সবাই জানিয়েছেন, ভাস্কর্য তৈরির এই উদ্যোগকে অনুপ্রাণিত করতে এবং এই প্রকল্পকে সফল রূপ দিতে তাঁদের কেউই কাজটির জন্য কোনো সম্মানী নেননি।
সম্প্রতি মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে এই গানটির কণ্ঠধারণের কাজ হয়। গানটিতে সংগীতশিল্পী মাকসুদ ও কনকচাঁপা ছাড়াও কণ্ঠ দেবেন আরও ৪৮ জন তরুণ কণ্ঠশিল্পী। নতুন এই গানটি নিয়ে কনকচাঁপা বলেন, ‘তরুণ প্রজন্ম অনেক বড় একটি উদ্যোগ হাতে নিয়েছে। এর প্রচারণার থিম সংয়ে গান গাইতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।’
সংগীতশিল্পী মাকসুদ বলেন, ‘তরুণেরাই একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, কলম ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া এসব তরুণের মনোবল দেখে আবারও তা প্রমাণিত হয়েছে।’
গানের সুরকার মইনুল ইসলাম খান বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ। আমার জানামতে, কলমের এত বড় ভাস্কর্য আর কোথাও হয়নি।’
এরই মধ্যে এই ভাস্কর্যের জন্য ২০ লাখ কলম সংগৃহীত হয়েছে বলে জানিয়েছেন ‘ভাস্কর্য ২০২১’ সংগঠনের অন্যতম উদ্যোক্তা জাহাঙ্গীর কবীর। তিনি বলেন, ‘বছর তিনেক আগে আমরা কয়েক বন্ধু মিলে এ ধরনের একটি উদ্যোগের কথা ভাবি। তারপর ফেসবুকে একটি গ্রুপও তৈরি করি। এভাবে আমাদের ভাবনা অনেকের মাঝে ছড়িয়ে গেছে।’ কবীর জানান, তাঁদের সঙ্গে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ১০ শিক্ষার্থী। আর তাঁদের পরামর্শক হিসেবে আছেন বুয়েটের সাত শিক্ষক। ভাস্কর্যটি তৈরি হবে টাঙ্গাইলের মধুপুর উপজেলার এইচ এম জাহাঙ্গীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।