>

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন চেস্টার বেনিংটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। সংগীতজগতের অন্যতম সেরা গানের দল লিনকিন পার্কের ভোকাল ছিলেন চেস্টার। রকপ্রেমী তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন এক উন্মাদনা। ২০১৫ সালে স্টেজলাইট কনটেস্ট জিতে লিনকিন পার্কের স্টুডিওতে কর্মশালার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তরুণ শব্দ প্রকৌশলী জায়েদ হাসান। চেস্টারের সঙ্গে বেশ হৃদ্যতা তৈরি হয় তাঁর।
প্রয়াত শিল্পীকে নিয়ে স্মৃতিচারণা করেছেন জায়েদ।
লিনকিন পার্কের স্টুডিওতে মাইক শিনোডা ও রব বোর্ডনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। চেস্টার বেনিংটন তখনো পৌঁছাননি। বাড়ি থেকে বেরিয়েই নাকি জুতা কিনতে গেছেন। নতুন জুতা পরে স্টুডিওতে আসবেন। ভাবলাম, হয়তো আসবেনই না। কিছুক্ষণের মধ্যেই তিনি হাজির হয়ে হইচই জুড়ে দিলেন, নতুন জুতার আনন্দ! মাইক পরিচয় করিয়ে দেওয়ার পরও আমি চুপ করে ছিলাম। চেস্টার আমার পেটে একটা খোঁচা দিয়ে বললেন, ‘সরি ম্যান, জুতাটা দরকার ছিল।’

তাঁর মৃত্যুর খবর পেয়ে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। দলের ব্যবস্থাপক লরেঞ্জো না বললে আমি বিশ্বাসই করতাম না। এত অমায়িক, বিনয়ী, হাসিখুশি মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারেন, ভেবে পাই না। ফেব্রুয়ারি মাসেও ভিডিও কলে কথা হলো। আমাকে বললেন, ‘তুমি এত লাজুক কেন? একটা সেলফিও তুললে না আমাদের সঙ্গে।’ আমি বললাম, স্টুডিওতে ঢোকার সময় মার্ক নিষেধ করে দিয়েছিল বলেই তোলা হয়নি। অনুমতি ছাড়া নাকি ছবি তোলা যাবে না। আমাকে ভিডিও কলে রেখেই মার্ককে ফোন করে বকে দিলেন তিনি।
আমার সঙ্গে দেখা হওয়া, আলাপ সবই স্মৃতি হয়ে রইল। আজ যে গান করছি, এর পেছনে লিনকিন পার্ক ব্যান্ডের অবদান আছে। এ ছাড়া আছে চেস্টারের প্রেরণা। সাক্ষাতে, ই–মেইলে, ফোনে বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন। তাঁদের সঙ্গে কাজ করার, বাংলাদেশে লিনকিন পার্কের দূত করার প্রস্তাব—সবই আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। চেস্টারের সঙ্গে যাঁরা মিশেছেন, তাঁরা জানেন, তিনি কেমন মানুষ। তাঁর মতো শিল্পীর মৃত্যু নেই। তিনি শুধু জগৎ বদল করেছেন, আমি নিশ্চিত।