সলিল চৌধুরীকে গুরু মানতেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলিল চৌধুরী
সলিল চৌধুরী

তাঁর বাবা শচীন দেববর্মন। বাবাকে বড় সাহেব ডাকলে, ছেলেকে ডাকা হতো ছোট সাহেব। রাহুল দেববর্মন যখন বালক, তখন বাবা বিখ্যাত সংগীতব্যক্তিত্ব। কত কত গান তাঁর সুরে বিখ্যাত হয়েছে। অথচ অনেকে জেনে অবাক হবেন, ছোট সাহেব কিনা গুরু মানতেন ওই সময়ে আরেক বিখ্যাত সুরকার সলিল চৌধুরীকে।
আজ রাহুল দেববর্মনের জন্মদিন। ১৯৩৯ সালের এই দিনে বিখ্যাত গায়ক শচীন দেববর্মন এবং মীরার ঘরে কলকাতায় এই সংগীতজ্ঞ জন্মগ্রহণ করেন। নাম রাহুল দেববর্মন হলেও বলিউডে তিনি সবার প্রিয় পঞ্চমদা। ডিসকো ও জ্যাজের সমন্বয়ে বলিউডে তিনি এক নতুন ধারার সংগীত প্রচলন করেন।
রাহুল দেববর্মন মানে তো শুধু দেশের একজন সুরকার নন, তিনি তো শুধু একজন গায়কও নন, তিনি শুধুই চলচ্চিত্রজগতের একজন স্বনামধন্য ব্যক্তি নন—রাহুল দেববর্মন মানে তো সুরের সাগর। তিনি যে কত কিছু—তার ব্যাখ্যা দিতে জায়গা লাগবে বিস্তর। অনেকের হয়তো জানাও আছে তা। বরং, আজ জন্মদিনে রাহুল দেববর্মনকে নিয়ে কিছু জিনিস জেনে নিন, যেগুলো হয়তো আপনার অজানা।
১) একটা কথা হয়তো অনেকই জানেন, রাহুল দেববর্মনের ডাকনাম পঞ্চম। কিন্তু সে ডাকনাম তো বেশ কয়েক বছর পরে হয়েছিল। তাঁর প্রথম ডাকনাম ছিল ‘টুবলু’। এই ডাকনামটা দিয়েছিলেন তাঁর দাদি।
২) তখন তাঁর বয়স মাত্র ৯! ওই বয়সে আর ডি বর্মণ প্রথম যে গানটায় সুর করেছিলেন, সেটি হলো, ‘অ্যায় মেরি টোপি পলটকে আ’। এই গানটি পরে তাঁর বাবা শচীন দেববর্মন ব্যবহার করেছিলেন ১৯৫৬ সালের ‘মিস্টার ফান্টুস’ ছবিতে।
৩) মুম্বাইতে রাহুল দেববর্মন সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলী আকবর খানের কাছে। তবলা বাজানো শিখেছিলেন সমতা প্রসাদের কাছে। এ ছাড়া তিনি খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন। প্রকাশ্যে অনেকবার দেখাও গেছে মাউথ অর্গান বাজাতে। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের ‘দোস্তি’ ছবির জন্য তিনি নিজে মাউথ অর্গান বাজিয়েছিলেন। হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’ গানেও মাউথ অর্গান বাজিয়েছিলেন তিনি।
৪) রাহুল দেববর্মন এককভাবে প্রথম কোনো চলচ্চিত্রের সুর দেন ১৯৬১ সালে। মেহমুদের ফিল্ম ‘ছোটে নবাব’-এ। মেহমুদ এই ছবিটা তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন, এই ফিল্মের সুর করুন শচীন কর্তা। কিন্তু শচীন দেববর্মন জানিয়ে দেন যে তাঁর হাতে ফ্রি ডেট একেবারে নেই। সেই সময় রাহুল দেববর্মনকে তবলা বাজাতে দেখেন মেহমুদ এবং নিজের ছবির জন্য সুরকার হিসেবে সই করান রাহুল দেববর্মনকে।

রাহুল দেব বর্মণ
রাহুল দেব বর্মণ

৫) এটা সবারই জানা, রাহুল দেব আশা ভোসলের স্বামী। রাহুল দেববর্মন প্রথমবার বিয়ে করেছিলেন ১৯৬৬ সালে রীতাকে। দুজনের দেখা হয় দার্জিলিঙে। বেশ কিছুদিন সংসার করার পর ১৯৭১-এ হয় বিবাহবিচ্ছেদ। শোনা যায়, ওই বিচ্ছেদের সময়ই হোটেলের এক ঘরে বসে রাহুল দেববর্মন সুর করেছিলেন সেই বিখ্যাত গান ‘মুসাফির হু ইয়ারো’!
৬) রাহুল দেববর্মন তাঁর গোটা জীবনে মোট ৩৩১টি ছবিতে গানের সুর দিয়েছেন। এর মধ্যে ২৯২টিই হিন্দি ছবি। সুরকার হিসেবে ৩১টি বাংলা ছবিতে কাজ করেছেন। তিনটি তেলেগু ছবিতে। দুটি করে তামিল ও উড়িয়া ছবিতে এবং একটি মারাঠি ছবিতে সুরকার হিসেবে কাজ করেছিলেন সুরের জাদুকর।
৭) শুধু সংগীত পরিচালনা নয়, অভিনয়ও করেছিলেন আর ডি বর্মন। মেহমুদের ‘ভূত বাংলা’ ছবি দিয়ে তিনি অভিষেক করেন। তারপর ‘পেয়ার কা মৌসম’-এ অভিনয় করেছিলেন তিনি।
৮) ‘চুরা লিয়া হ্যায় তুমনে যো দিলকো’ গানটিতে তিনি কাচের গ্লাসে চামচ দিয়ে বাজিয়ে শব্দ তুলেছিলেন। কিতাবের গান ‘মাস্টারজি কিআ গয়ি চিঠঠি’তে তিনি ক্লাসরুম থেকে কয়েকটি ডেস্ক আনিয়েছিলেন। রেকর্ডিংয়ের সময় সেগুলো ব্যবহার করেছিলেন তিনি। বৃষ্টির ফোঁটার শব্দের জন্য তিনি সারা রাত নিজের ব্যালকনিতে বসে থাকতেন। প্রাকৃতিক সেই শব্দ রেকর্ড করতেন। তারপর তা ব্যবহার করতেন। ‘খুশবু’ ছবির ‘ও মাঝি রে’ গানে তিনি পানিভর্তি বোতল ব্যবহার করেছিলেন। বিভিন্ন লেভেলে সেখান থেকে শব্দ তুলেছিলেন তিনি। বোতলে ফুঁ দিয়ে হলো সাউন্ড তৈরি করেছিলেন। তাঁর সেই সাউন্ড এফেক্টগুলো অর্কেস্ট্রার সঙ্গে ব্যবহার করা হয়।
(কয়েক বিদেশি ওয়েবসাইট অবলম্বনে)