সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসের সামনে চিরকুটের সদস্যরা
হোয়াইট হাউসের সামনে চিরকুটের সদস্যরা

যুক্তরাষ্ট্রের অ​স্টিনে আগামী বছর সংগীত ও চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ) গান করবে বাংলাদেশের গানের দল ‘চিরকুট’। এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন এ ব্যান্ডের সদস্যরা। প্রতি বছর বিভিন্ন দেশের দুই সহস্রাধিক ব্যান্ড ও সংগীতশিল্পী এই উৎসবে গান করে থাকেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে নয় দিনের এই উৎসব শুরু হবে আগামী বছর ১১ মার্চ। অস্টিনের শতাধিক ভেন্যুতে হবে এ উৎসবের অনুষ্ঠানগুলো।
সেই ১৯৮৭ সাল থেকেই প্রতি বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন যেন রূপ নেয় গান আর চলচ্চিত্রের নগরীতে। সংগীত আর চলচ্চিত্র সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারদিক। বিশ্বের বিভিন্ন দেশের দুই সহস্রাধিক নামীদামি ব্যান্ড ও শিল্পীরা এই উৎসবে গান করেন। উৎ​সবে চলে চলচ্চিত্র প্রদর্শনী, মতবিনিময় ও আলোচনা। আন্তর্জাতিক খ্যাতনামা সংগীত বিপণন প্রতিষ্ঠানগুলো এ উৎসব থেকেই বেছে নেয় সম্ভাবনাময় শিল্পী, ব্যান্ড, গীতিকার, সুরকার আর সংগীত আয়োজকদের। এ যেন নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য সুযোগ।

ভয়েস অব আমেরিকায় চিরকুট
ভয়েস অব আমেরিকায় চিরকুট

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ফোবানা সম্মেলনে গান করেছে ‘চিরকুট’। ৪০ দিনের সফর শেষে গতকাল বুধবার রাতে চিরকুটের সদস্যরা দেশে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার সকালে চিরকুটের অন্যতম সদস্য সুমি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা একটি সফল সফর শেষ করে ফিরেছি। সেখানে চারটি অনুষ্ঠানে গান করেছি। ভয়েস অব আমেরিকা আমাদের সাক্ষাৎকার নিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সেখানে গান করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বেড়াতেও গেছি।’
এসএক্সএসডব্লিউ উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে সুমি বলেন, ‘আমরা উৎসবে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছি। এখানে নিজেদের সৃজনশীল কাজগুলো যেমন সবার সামনে তুলে ধরা যায়, তেমনি সংগীত নির্ভর আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও একটা যোগসূত্র তৈরি হয়। আমরা আশা করছি, এসএক্সএসডব্লিউ উৎসব থেকে চিরকুট ইতিবাচক সুবিধা পাবে।’
সুমি আরও জানিয়েছেন, আগামী বছর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর কানাডায় চিরকুটকে নিয়ে লম্বা সংগীত সফরের পরিকল্পনা করছে একাধিক আয়োজক প্রতিষ্ঠান।