সাত নারীকে নিয়ে কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর
কিশোর

এ প্রজন্মের সাত নারী শিল্পীকে নিয়ে একটি দ্বৈত গানের অ্যালবাম তৈরি করলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ সালের অন্যতম প্রতিযোগী কিশোর। নাম কিশোর ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট ডুয়েট লাভ সং। অ্যালবামটিতে কিশোর গান গেয়েছেন রন্টি, কোনাল, নিশিতা, লুইফা, পূজা, নওমী ও সংগীতার সঙ্গে।

অ্যালবামটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘আমার এখন পর্যন্ত চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে আমার সুর ও সংগীতায়োজনে মিশ্র গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়। তখনই এ প্রজন্মের সম্ভাবনাময় নারী শিল্পীদের নিয়ে একটি পরিপূর্ণ দ্বৈত গানের অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করি। খুব অল্প সময়ের মধ্যে পুরো কাজটি করেছি। সব শিল্পীর আন্তরিক সহযোগিতায় চমৎকার একটি গানের অ্যালবাম করেছি। সবগুলো গানে ভালোবাসার কথা বলা হয়েছে। গানগুলো শুনে সবার ভালো লাগবে এটা নিশ্চিত করে বলতে পারি।’

অডিও অ্যালবাম ছাড়া কিশোর চলচ্চিত্রের গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বললেন, ‘চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। এই মাধ্যমে কাজ করে ভালো লাগাটা কাজ করে অনেক বেশি। দ্রুত গান শ্রোতাদের কাছে পৌঁছে যায়। আর তাই এখন চলচ্চিত্রের গানে মনোযোগী হচ্ছি বেশি।’

২০০৬ সালের ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার পরের বছরই কিশোর প্রথম একক অ্যালবাম নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হয় ফিরে আসো না (২০০৯), আগোছালো ভালোবাসা (২০১১), তুই ছাড়া (২০১৩)।