সাত প্রথমকে সম্মাননা দেবেন তপন চৌধুরী

৭ জানুয়ারি প্রকাশিত হবে তপন চৌধুরীর নতুন একক গানের অ্যালবাম। সেদিনই এই শিল্পী তাঁর সংগীতজীবনের ৪০ বছরে যাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, এমন সাত গুণীজনকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছেন। সেদিন আনুষ্ঠানিকভাবে সাত গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন তপন চৌধুরী।
তপন চৌধুরীর ৪০ বছরের সংগীতজীবনে ভূমিকা রাখার নেপথ্যের এই সাত গুণী হলেন তাঁকে ‘সোলস’ ব্যান্ডে নিয়ে আসা সুব্রত বড়ুয়া, তপনের গাওয়া জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’র গীতিকার-সুরকার নকিব খান ও পিলু খান, প্রথম অডিও অ্যালবাম তপন চৌধুরীর সুরকার আইয়ুব বাচ্চু, প্রথম গাওয়া সিনেমার গান ভাত দের পরিচালক আমজাদ হোসেন, প্রথম সিনেমার গান ‘কত কাঁদলাম, কত গো সাধলাম’-এর সুরকার আলাউদ্দিন আলী এবং ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গানের গীতিকার-সুরকার তাজুল ইমাম।
তপন চৌধুরী বলেন, ‘আমার আজকের এই অবস্থানে আসার পেছনে কিছু মানুষের অবদান অপরিসীম। তাঁরা যদি আমাকে প্রথমদিকে এই সুযোগ না দিতেন, তাহলে অন্য রকম কিছুও হতে পারত। সেই হিসেবে আমার জীবনের প্রথম দিককার এই মানুষগুলো নানাভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। সে কারণে তাঁদের সম্মাননা জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।’
দীর্ঘ ১৩ বছর পর প্রকাশিত হতে যাওয়া তপন চৌধুরীর অ্যালবাম ফিরে এলাম-এ গান রয়েছে নয়টি। গানগুলোর কথা লিখেছেন সাইফুল ইসলাম, কবির বকুল ও মিলন খান। সুর করেছেন সুবীর নন্দী, সেজান মাহমুদ ও পুলক অধিকারী।