সাত বছর পর ডলির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর নতুন একক গানের অ্যালবাম নিয়ে আসছেন গায়িকা ডলি সায়ন্তনী। অ্যালবামের নাম একলা হবি। শিগগিরই এটি সিডি আকারে প্রকাশিত হবে।
বনমালি ছিল ডলি সায়ন্তনীর প্রকাশিত সর্বশেষ একক গানের অ্যালবাম। এরপর তিনি স্টেজ শো, মিশ্র অ্যালবাম আর চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। নতুন অ্যালবামটি নিয়ে ডলি বলেন, ‘দুই বছর সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। আমার পুরো সংগীতজীবনে লোক–আঙ্গিকের গান সবচেয়ে বেশি গাওয়া হয়েছে। কিন্তু এবার আমি আধুনিক গানই বেশি করেছি।’
একলা হবি অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মাহমুদ জুয়েল, জে কে মজলিশ, রকেট মণ্ডল, মুশফিক লিটু ও অভি আকাশ। প্রয়াত প্রণব ঘোষের সুরেও একটি গান থাকছে এই অ্যালবামে।
নতুন এই অ্যালবাম বাজারে আনছে সাউন্ডটেক। সিডির পাশাপাশি গানগুলো সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকেও শোনা যাবে। ১৯৯০ সালে প্রকাশিত হয় ডলি সায়ন্তিনীর প্রথম অ্যালবাম হে যুবক। এরপর তাঁর আরও ১৩টি একক অ্যালবাম প্রকাশিত হয়।