সাত বছর পর মঞ্চে গাইবেন শাম্মী আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাম্মী আখতার
শাম্মী আখতার

সংগীতশিল্পী শাম্মী আখতার ও আকরামুল ইসলাম দম্পতি এক সঙ্গে মঞ্চে গাইবেন দীর্ঘ সাত বছর পর। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’র আয়োজনে আগামী শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে গান শোনাবেন শিল্পীদ্বয়।
সংগীতশিল্পী শাম্মী আখতারকে দীর্ঘদিন গান থেকে দূরেই থাকতে হয়েছে ক্যানসারের কারণে। এই সংগীতশিল্পীকে চিকিৎ​সার প্রয়োজনে অস্ত্রোপচারও করতে হয়েছে। আশার কথা, সুস্থতা ফিরে পেয়ে আবারও গান শুরু করেছেন শাম্মী আখতার।
‘আমরা সূর্যমুখী’র সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, শিল্পী দম্পতির এই গানের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সংগীতশিল্পী শাম্মী আখতার ও আকরামুল ইসলাম দম্পতির এই গানের অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাট্যজন লাকী ইনাম, সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী’র ৪০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সত্তর ও আশির দশকের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আখতার। সংগীত জগতে তাঁর দীর্ঘদিনের বিচরণ। শাম্মী আখতারের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’ ‘মনে বড় আশা ছিল তোমাকে শোনাব গান’ ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী’, ‘এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে আজ তোমায় আমায়’ ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, ’ ইত্যাদি।
আকরামুল ইসলাম হাসন রাজার গানসহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী।