সাতের ফেরে মেহরীন!

৭ নম্বর অ্যালবাম সাত বছরের ব্যবধানে বছরের সপ্তম মাসের ৭ তারিখে মুক্তি পাচ্ছে! সংগীতশিল্পী মেহরীনের নতুন অ্যালবাম সেভেন-এর হিসাব-নিকাশ এখন এমনই সাতের ফেরে বাঁধা। তাঁর এই অ্যালবামটি গ্রামীণফোনের ব্যানারে ৭ জুলাই অনলাইনে মুক্তি পাচ্ছে। মেহরীন বলেন, ‘কাকতালীয়ভাবে সবকিছু সাতে এসে মিলে গেছে। আমি জানতাম না, গ্রামীণফোন থেকে ৭ জুলাই অ্যালবামটি মুক্তি পাচ্ছে!’
অ্যালবামে কাজী নজরুল ইসলামের লেখা একটি গান রয়েছে। দুটি গান মেহরীন নিজেই লিখেছেন। অন্যগুলো সাকী আহমেদ, তানভীর হাসান, জাহাঙ্গীর হায়দার দীপন, আলী আফজাল নিকোলাস, বাসু দেব বর্মণ ও আইয়ুব বাচ্চুর লেখা। মেহরীন বলেন, ‘আগে যে গানগুলো বাজারে এসেছে, তা বিচ্ছিন্নভাবে। এর সঙ্গে আরও কিছু নতুন গান নিয়ে একটি পুরো অ্যালবাম করলাম।’ গানগুলোর সুর ও সংগীত হাবিব ওয়াহিদ, জামাল বিন ইয়েলেস, ডিজে আক্স, নীল অধিকারী, ফুয়াদ ইবনে রাব্বী, আলী আফজাল নিকোলাস, বাসু দেব বর্মণ ও আইয়ুব বাচ্চুর করা। এর মধ্যে দুটি গানে মেহরীনও সুর বসিয়েছেন।