সাদী-অণিমার ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে গুরু-শিষ্যের নিবেদন হিসেবে মুক্তি পেল রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের কণ্ঠে এ রবীন্দ্রসংগীতের সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটি প্রকাশিত হলো অণিমা রায়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় তাঁর শিক্ষক সাদী মহম্মদের সঙ্গে প্রথম কোনো রবীন্দ্রসংগীত রেকর্ড করলেন। বৈশাখী নিবেদন প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পয়লা বৈশাখ মূলত বাঙালির সর্বজনীন উৎসব। জাতি, বর্ণের ঊর্ধ্বে গিয়ে বৈশাখ আমাদের বাঙালি সত্তার এক অনবদ্য উৎসব। সেই উৎসবের স্মারক হিসেবেই গানটি তৈরি করা। সাদী মহম্মদ আমার প্রিয় শিক্ষক। আমার এ রবীন্দ্র অনুরাগী হয়ে ওঠার পেছনে তাঁর অবদান অনেক। সাদী স্যারের সঙ্গে আমার এক মঞ্চে গান করা, টিভিতে লাইভ পারফরম্যান্স করা হয়েছে। কিন্তু সেই অর্থে দ্বৈত গানের রেকর্ড করা হয়নি। এবারের বৈশাখে সেই উপহারই দেওয়ার চেষ্টা করলাম।’

দ্বৈত গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সাদী মহম্মদ বলেন, ‘অণিমা যখন আমার ছাত্রী ছিল, তখনো আমার খুব প্রিয় ছাত্রী হিসেবেই ছিল। আজ ও জনপ্রিয় একজন রবীন্দ্রসংগীতশিল্পী। ওর সাফল্য আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সঙ্গে একটি ডুয়েট গানের ব্যাপারে যখন আমাকে তানভীর বলল, তখন বললাম, “তানভীর, তুমি তোমার মতো কম্পোজিশন করো, আমি গাইব।” প্রিয় ছাত্রীর সঙ্গে একটি গান রেকর্ড হলো, এটাও এক আনন্দের অনুভূতি। বাংলা নববর্ষে আমার শ্রোতাদের এটি নিবেদন করতে পারলাম, এটিও আনন্দের ব্যাপার।’

গানটির সংগীতায়োজন প্রসঙ্গে সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সাদী ভাইকে আমার সুরে দুটি গান করানোর পরিকল্পনা যখন করছি, তার মধ্যেই যেহেতু বৈশাখ এল, ভাবলাম অণিমার সঙ্গে এ উপলক্ষে একটি দ্বৈত গানের রেকর্ড তৈরি করি। সেভাবেই গানটির নির্মাণ ভাবনা। রবীন্দ্রনাথের কোন গানটি করব, এটিও সাদী ভাইয়েরই বাছাই করে দেওয়া। আমি চেয়েছি দুজনের কণ্ঠে আমার মতো করে একটি সংগীতায়োজন রাখার।’
সাদী মহম্মদ ও অণিমা রায়ের কণ্ঠে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ গানটি ১৪ এপ্রিল পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠানে বিটিভিতে প্রচার হবে। এ ছাড়া গানটি আজ অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিক্যাল ভিডিও অবমুক্ত করা হবে।