‘সাধারণ মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের’
‘আমরা তারকা বলতে শুধু নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা বা মিডিয়ায় কাজ করেন এমন মানুষদের বুঝি। তাঁরা ছাড়া আরও অনেকে আছেন, যাঁরা চিকিৎসা, বিজ্ঞান, খেলাধুলা, শিক্ষাসহ নানা শাখায় অবদান রেখে যাচ্ছেন। সমাজে অবদান রাখা এই মানুষদের আমি তুলে ধরছি।’ কথাগুলো বলেন নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা। তরুণদের উৎসাহ দিতেই ‘কথা ও কবিতা’ শিরোনামে একটি সরাসরি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি।
প্রতি মঙ্গলবার দুজন অতিথি নিয়ে লাইভ অনুষ্ঠানে হাজির হন সুজিত মোস্তফা। তাঁর অতিথি হয়ে আসছেন দেশের ও প্রবাসী বাঙালি অনেকেই, যারাঁ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে অংশ নেবেন আন্তর্জাতিক রেসিং কার ড্রাইভার অভিক আনোয়ার ও তরুণ সংগীতশিল্পী প্রমা অবন্তি। সুজিত মোস্তফা বলেন, ‘কার রেসিং বিষয়ে আমার অতিথি অভিক আনোয়ার অনেক পুরস্কার পেয়েছেন। দেশ-বিদেশে তাঁর অনেক সুনাম। এ বিষয়ে অনেক কিছু জানার আছে। এমন অনেক বিচিত্র বিষয়বস্তু নিয়ে আমাদের অনুষ্ঠান। এটি দেখে তরুণেরা শিখতে পারবেন। সাধারণ মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের।’
একটি বিমান কীভাবে উড়ে যাচ্ছে, বিজ্ঞানীরা কীভাবে গবেষণা করছেন, কীভাবে পর্বত আরোহণ করেন আরোহীরা, এমন অনেক বিষয় নিয়ে একজন সাধারণ মানুষের কৌতূহল থাকে। সেই বিষয়গুলো নিয়েই এ অনুষ্ঠান। ইতিমধ্যে তাঁর অতিথি হয়ে এসেছিলেন নিশাত মজুমদার, সাবরিনা ইসলাম, সাইফুল আলম, সেজান মাহমুদ। এ ছাড়া জাতীয় দলের ক্রিকেটারসহ অনেকেই। এ অনুষ্ঠানের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয় না?
সুজিত মোস্তফা বলেন, ‘আমি আলাদা করে প্রস্তুতি নিই না। আমি সংগীতের মানুষ। যাঁদের মুখোমুখি হই, তাঁরা বিভিন্ন পেশার। তাঁদের বিষয়গুলো আমি জানছি। দেশের তরুণদের জানাতে পারছি। এটাই আমাকে উৎসাহিত করে। আমার অনুষ্ঠানটি ইতিমধ্যে তরুণ দর্শক পছন্দ করতে শুরু করেছেন, আলোচনা করছেন, এটাই আমার জন্য সুখবর।’
ব্যতিক্রম আয়োজনটি শতাধিক পর্বে নিয়ে যেতে চান তিনি। সুজিত মোস্তফা বলেন, ‘অনুষ্ঠানটি সপ্তাহে এক দিন করছি। এতে আমার গানের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু অনুষ্ঠানটি বিনা মূল্যে করতে হচ্ছে। আমরা যদি কোনো স্পনসর পেতাম, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু সম্মানী দিতে পারলে ভালো হতো।’ অনুষ্ঠানটি উত্তর আমেরিকার টিভি চ্যানেল 'দেশে বিদেশে' ও তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে একযোগে প্রচারিত হয়। অতিথিদের সঙ্গে প্রতি পর্বে একজন সংগীত শিল্পী উপস্থিত থাকেন।