সামাজিক মাধ্যমে রহস্যময় অন্তর্ধান!

২০১৭ সালের প্রায় পুরোটাই লোকচক্ষুর অন্তরালে কাটিয়ে দিয়েছেন। সে রকম কোনো খবরেই ছিলেন না টেলর সুইফট। তবে হুট করে আলোচনায় এলেন যৌন নিপীড়নের মামলা দিয়ে। সম্প্রতি সেই মামলায়ও জয় পেয়েছেন। কিন্তু এরপর যেন হাওয়ায় মিলিয়ে গেলেন।
ফেসবুক থেকে টুইটার, ওয়েবপেজ থেকে ইনস্টাগ্রাম—কোথাও নেই টেলর সুইফট! তাঁর ইনস্টাগ্রামে যদি যান, দেখবেন, ১০ কোটি ২০ লাখ ফলোয়ার নিয়ে শূন্যটি পোস্ট! ফেসবুকে তাঁর পেজে সব ফাঁকা। টুইটারে ৮ কোটি ৫৪ লাখ ফলোয়ার। কিন্তু একটি টুইটও নেই! এ যেন রহস্যময় এক অন্তর্ধান, যার কারণ এখনো খোলাসা হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কী কারণ এর?

৩ বছর পর নতুন অ্যালবাম আসছে সুইফটের। সেই সময়ই তিনি চলে গেলেন আড়ালে! অথচ এখন তো তাঁর আরও বেশি করে সরব থাকার কথা। তারকাদের জন্য সামাজিক মাধ্যমই তো এখন ভক্তদের কাছে বার্তা পাঠানোর সবচেয়ে বড় হাতিয়ার!

যৌন নির্যাতন মামলায় জেতার পর শুধু বলেছিলেন, তাঁর এই জয় বিশ্বজুড়ে চলা ভদ্রবেশী নিপীড়কদের বিরুদ্ধে এক কড়া জবাব। যে মেয়েরা মুখ ফুটে এই নির্যাতনের কথা বলতে পারে না, তাদের হয়ে এটা তাঁর লড়াই। ভক্তেরা আশা করেছিল, এবার হয়তো বেশ জোরালো বক্তব্য নিয়ে সামাজিক গণমাধ্যমে হাজির হবেন সুইফট। উল্টো সব অ্যাকাউন্ট থেকে সবকিছু মুছে ফেললেন তিনি। অ্যাকাউন্টগুলো এখন সচল, শুধু পোস্ট কিছুই নেই। সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটও ডুবে আছে অন্ধকারে। সূত্র: বিবিসি, নিউজ অস্ট্রেলিয়া।