সারা দিন কাটল লিনকিন পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে মাইক, ব্র্যাড, জায়েদ, রব ও চেস্টার  l ছবি: লিনকিন পার্কের জি–প্লাস পেজ থেকে
বাঁ থেকে মাইক, ব্র্যাড, জায়েদ, রব ও চেস্টার l ছবি: লিনকিন পার্কের জি–প্লাস পেজ থেকে

‘আমরা গানের দেশের মানুষ। গান আমাদের জীবন। কিন্তু আমাদের শিল্পীরা তাঁদের প্রাপ্য থেকে নানাভাবে বঞ্চিত। তাঁদের জন্য তোমাদের কি কিছু করার আছে?’
ক্যালিফোর্নিয়ার পশ্চিম লস অ্যাঞ্জেলেসের সমুদ্রসৈকত-সংলগ্ন শহর সান্তা মনিকায় তখন দুপুর। মধ্যাহ্নভোজ শেষ হওয়ার বেশ খানিকটা পরে ওপেন ল্যাবের প্রধান নির্বাহী ক্লিফ মাউনটেইনের কাছে কথাটা জানতে চাইলেন জায়েদ হাসান। সামনেই বসে ছিলেন ল্যাবের প্রোডাক্ট ডেভেলপার ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ট্র্যাভিস গালাঘার। ওদের সঙ্গে সাক্ষাতের আগে নিকোলাসের স্টুডিওতে বেশ খানিকক্ষণ বাজিয়েছেন জায়েদ। এই ল্যাবের অন্যতম ব্যবস্থাপক নিকোলাস। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে নেমে ৫ অক্টোবর রাতে তাঁর বাসাতেই ছিলেন জায়েদ।
জায়েদের প্রশ্নে ক্লিফ বলেছেন, ‘নিশ্চয়ই; তোমাদের শিল্পীদের জন্য মিউজিকের স্যাম্পল প্যাক তৈরির একটি সফটওয়্যার তৈরি করে দেব। প্রতিশ্রুতিশীল তরুণদের কম্পোজিশন বিক্রির জন্য একটি মার্কেটপ্লেসও করে দেওয়া যেতে পারে।’
জায়েদের কথা মনে আছে তো? গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ‘স্টেজলাইট মান্থলি মিউজিক কনটেস্ট’-এ চূড়ান্ত বিজয়ী হয়েছিলেন তিনি। যৌথভাবে এর আয়োজন করে লিনকিন পার্ক, ওপেন ল্যাব এবং গিটার সেন্টার। বিশ্বের হাজারো মিউজিক কম্পোজারকে পেছনে ফেলে জায়েদের বিজয়ী হওয়ার খবরটা জানিয়েছিলাম গত জুলাই মাসে। পুরস্কার হিসেবে তিনি জিতেছিলেন প্রিয় ব্যান্ড লিনকিন পার্কের স্টুডিও—রেডবুল স্টুডিওতে যাওয়ার সুযোগ।
জীবনের সেই শ্রেষ্ঠ অর্জনের কথা সেই স্বপ্নের স্টুডিও থেকেই তিনি জানিয়েছেন আমাদের।
ছেলেবেলা থেকে এই দলটি অনুপ্রাণিত করেছে তাঁকে। সে কথা জেনে আবেগে তাঁকে জড়িয়ে ধরেন লিনকিন পার্কের পিয়ানিস্ট মাইক শিনোডা। বেস গিটারিস্ট ব্র্যাড ডেলসন, ড্রামার রব বোর্ডন এবং ভোকাল চেস্টার বেনিংটন সেই সময়ে একটি টেবিল ঘিরে দাঁড়িয়ে, তাকিয়ে ছিলেন হাস্যমুখী ছেলেটির দিকে। একটিবার হলেও তাঁরা নিশ্চয়ই ভেবেছেন, এই প্রতিভাবান ছেলের দেশের মুক্তিযুদ্ধের জন্য গান করেছিলেন জর্জ হ্যারিসন!
জায়েদের সারা দিন কাটল লিনকিন পার্কের স্টুডিওতে। তাঁর ‘সেইলিং থ্রু দ্য ক্লাউড’ কম্পোজিশনের অনেকগুলো ট্র্যাক শোনেন তাঁরা। কাজের বেশ প্রশংসা করেন। বিশেষত রব, বারবার বিস্ময় প্রকাশ করেছেন তিনি। হাতে ধরে তিনি শিখিয়ে দিয়েছেন বিভিন্ন বাদ্যযন্ত্রের নিখুঁত রেকর্ডিং কৌশল।
জায়েদ তাঁদের বলেন, ‘তোমাদের কত ভক্ত বাংলাদেশে তোমরা তা জানো না। বাংলাদেশে কনসার্ট করতে আসবে কবে?’
আগামী বছর সবকিছু ঠিকঠাক করতে পারলে বাংলাদেশে আসবে লিনকিন পার্ক। আর বাংলাদেশে তাঁদের দূত হিসেবে ভাইবারে আমাদের সেই খবর জানিয়েছেন জায়েদ। তিনি বলেছেন, ‘ওদের একটি দেশে যাওয়ার প্রস্তুতিটা একেবারে অন্য রকম। অনেক শব্দযন্ত্র ও বাদ্যযন্ত্র নিয়ে যাতায়াত করেন তাঁরা। সবকিছু মেলাতে পারলে তাঁরা কনসার্ট করতে আসবেন।’
জায়েদ বলেন, ‘মিউজিক করার জন্য আমার যত ধরনের সাপোর্ট দরকার হবে সবই ওরা দেবে। ওরা বলেছে, যখন খুশি আমি তাঁদের সঙ্গে কাজ করতে পারি। এমনকি বাংলাদেশের উদীয়মান কম্পোজারদের জন্য একটি স্টেজলাইট প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের।’
৮ অক্টোবর বিখ্যাত রেকর্ড কোম্পানি ওয়ার্নার মিউজিকের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘প্রস্তাব পেলে ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারি। তবে মিউজিক আমার নেশা, সব স্বত্ব ওদের হাতে তুলে দেওয়া যায় কি না এখনো ভেবে দেখিনি।’ হলিউডের বেশ কিছু চলচ্চিত্রের জন্য মিউজিক কম্পোজ করার প্রস্তাবও রয়েছে তাঁর।