সারা পৃথিবীতে আধ্যাত্মিক গানের শ্রোতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবন দাস বাউল  l ছবি: কবির হোসেন
পবন দাস বাউল l ছবি: কবির হোসেন

চৌদ্দতলার ছাদে খোলা আকাশের নিচে সুইমিং পুল। পুলের নীল জলের পাশেই চেয়ারে বসে ছিলেন এলোমেলো ধবধবে সাদা চুলের বাউল। পাঁচ তারকা হোটেলের ঝকঝকে-তকতকে, ধুলোহীন মসৃণ বাস্তবতার সঙ্গে তাঁকে মেলানো যায় না। তাঁর কৃষক বাবা বিভিন্ন উৎসবে কীর্তন গাইতেন। তিনি অসুস্থ হয়ে পড়লে শৈশবেই গান গেয়ে সংসারের হাল ধরতে হয়েছিল তাঁকে। বাংলা বাউলগানকে বিশ্ব-লোকগানের সংসারে তুলে দিয়েছেন যে বাউলেরা, পবন দাস তাঁদের একজন। গত বুধবার ফ্রান্স থেকে ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লোকগানের উৎসবে আজ শুক্রবার গাইবেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানের পাঁচ তারকা হোটেলটির ছাদে পবন দাস বাউলের দেখা মিলল। সঙ্গে স্ত্রী মিমলু দাস। বাংলাদেশে এটি তাঁর চতুর্থ সফর। এই সফরকে তিনি বলছেন বাউলের মিলনমেলা। বললেন, ‘শিল্পী, সাধুগুরুরা মানুষের মিলন ঘটান। কথা দিয়ে, সুর দিয়ে মানুষকে নতুন আলোয় আলোকিত করেন। তাই শিল্পীরা যত বেশি কাছাকাছি আসবেন, ততই শান্তির আলো আসবে।’
বাউলজীবন নিয়ে পবন দাসের পর্যবেক্ষণ হচ্ছে, বাউলেরা হচ্ছেন প্রকৃতির মিডিয়া। বিভিন্ন দেশে ঘুরে তাঁরা একের সুন্দর অন্যের কাছে মেলে ধরেন। সে জন্যই আজকের তরুণ শিল্পীরা বাউলগান ভালোবাসেন, চর্চা করেন। তাঁরাও বুঝে ফেলেছেন, ‘যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভান্ডে’। তাই সুর-ভাব-ছন্দসহযোগে দেহ নিয়ে সাধনা করছেন তাঁরা। গানে গানে তিনি বলেছিলেন, ‘এ পৃথিবীর মালিক খোদা/ দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না।’ এই গানেই তিনি বেশি পরিচিত।
পবন দাসের কথায় সায় দিয়ে স্ত্রী মিমলু দাস বললেন, ‘আমাদের সঙ্গে অনেক তরুণ আছেন, যাঁরা আমাদের এই ধারা এবং গান ভালোবাসেন।’
‘বসুন্ধরার বুকে’, ‘চঞ্চল মন আমার শোনে না কথা’, ‘নাচো গো নাচো কালি’, ‘আমার গোপন প্রেমের কথা গো’সহ অনেক গানে তাঁকে অনলাইনেই পাওয়া যায়। বাউল দর্শনের সঙ্গে এই আধুনিকতার দ্বন্দ্ব আছে? এ নিয়ে তাঁর কথা হচ্ছে, ‘দ্বন্দ্ব করলেই দ্বন্দ্ব। সারা পৃথিবীতে একশ্রেণির আধ্যাত্মিক শ্রোতা আছেন। কেউ কথার পাগল, কেউ সুরের। সেই সুর যে উপায়েই মানুষের কাছে পৌঁছাক না কেন।
তবে এ নিয়ে খানিকটা কষ্টও আছে। সারা বিশ্ব গান শুনছে অথচ রয়্যালটি পাওয়া যাচ্ছে না। গান বাজালে রয়্যালটি দেয় শুধু ফ্রান্সের একটি রেডিও। গানের দুটি অ্যালবামের কাজ শেষ করে রেখেছেন। সেগুলোর দু-একটি গান আজ শোনাবেন পবন দাস। বললেন, ‘তবে রিয়েল সুগার অ্যালবামের গানগুলোই এখানে বেশি জনপ্রিয়। ওই গানগুলোও গাইব।’ বিশ্বজুড়ে বাংলা বাউলগানের গ্রহণযোগ্যতায় তাঁরও অবদান অনেক, এ কথা তিনি জানেনই না। সব দেশ ও জাতির কাছ থেকে গ্রহণ করে গান বাঁধেন তিনি। আর সেটা বিশ্ববাসী পছন্দও করেন।
গান শেষ করেই চলে যাচ্ছেন না পবন দাস বাউল। একবার পদ্মা ঘুরে আসার ইচ্ছা তাঁর। ডিসেম্বর মাসে মুন্সিগঞ্জের সাধু সংঘে যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানালেন।