সালমার মিউজিক ভিডিও

সম্প্রতি নির্মিত হলো সালমার গানের মিউজিক ভিডিও। তাঁর সর্বশেষ অ্যালবাম স্বপ্ন উড়াইলার একটি গানের মিউজিক ভিডিও এটি। ওস্তাদ শফি মন্ডলের লেখা গানটির শিরোনাম ‘আমারে অকূলে ভাসাইয়া’।
মিউজিক ভিডিওটি নিয়ে খুবই আশাবাদী সালমা। বলেন, ‘ঢাকার বাইরের সুন্দর কিছু লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচার শুরু হবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
সালমা বর্তমানে ব্যস্ত রয়েছেন সংসার ও নতুন অ্যালবামের কাজ নিয়ে। নতুন অ্যালবামের নামটিও ঠিক করে ফেলেছেন। লালনের ভাবনগরে নামের অ্যালবামটিতে সালমার সঙ্গে গান থাকবে ওস্তাদ শফি মন্ডলেরও। নতুন অ্যালবাম নিয়ে সালমা বলেন, ‘এটা আমার স্বপ্নের অ্যালবাম। নিজের ওস্তাদের সঙ্গে অ্যালবাম করার ভাগ্য সবার হয় না। এটা আমার সৌভাগ্য। তাই খুব চিন্তাভাবনা করে অ্যালবামটির কাজ করছি।’
মৌসুমি আকতার সালমা ২০০৬ সালে ক্লোজআপ ওয়ানের বিজয়ী হন। বাজারে সব মিলে রয়েছে তাঁর ১০টি অ্যালবাম। এর মধ্যে সাতটিই একক।