সালমার 'পরানের বন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসির ৩ নম্বর ফ্লোর। উচ্চশব্দে বেজে চলছে গান। কানে আসছে ‘হায়রে পরানের বন্ধু আমার কই, হায়রে আছে রে আছে রে নিশ্চয়’। কণ্ঠটাও খুব পরিচিত মনে হচ্ছিল। জটলার কারণে ক্যামেরার সামনের মানুষটাকে ঠিকমতো দেখা যাচ্ছিল না। সামনে এগোতেই দেখা মিলল গানের শিল্পীর। যাঁকে ভেবেছিলাম, সেই সালমা গানের তালে তালে নেচে চলছেন। পরিচালক ওকে বলার পরই থামাল নাচ।

সেট থেকে বেরিয়ে এসেই সালমা বলেন, ‘নতুন গানের ভিডিওর শুটিং করছি। এটা একেবারে অন্য ধরনের গান। আমাকে সাধারণত যে ধরনের গান গাইতে দেখা যায়, এটা পুরোপুরি তার বাইরের। দ্রুতলয়ের গান। নাচে-গানে ভরপুরও বলতে পারেন। এই গানের আমার লুক অ্যান্ড ফিলটা থাকছে অন্য রকম। প্রচার শুরু হলেই সবাই তা ভালোভাবেই টের পাবেন।’
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন সালমা। লোকগানের জন্য তিনি সবার কাছে বেশ পরিচিত। ‘পরানের বন্ধু’ লোক আঙ্গিকের আধুনিক গান। গানটির কথা লিখেছেন কবির বকুল আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
সালমার নতুন গান ‘পরানের বন্ধু’র ভিডিওর শুটিংয়ের জন্য এফডিসির ৩ নম্বর ফ্লোরে সেট তৈরি করা হয়েছে। আজ রোববার সকাল থেকে গানটির শুটিং শুরু হয়েছে। পরিচালক জানিয়েছেন, কাজ চলবে মধ্য রাত পর্যন্ত।
‘পরানের বন্ধু’ শিরোনামের গানের নির্মাতা জিয়াউদ্দিন আলম। ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার। ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে বলে জানান সালমা।