রাজধানী ঢাকার তরুণ–তরুণীরা পরপর দুই দিন দুটি দারুণ কনসার্টের সঙ্গী হয়েছেন। গত বৃহস্পতিবারের কনসার্টকে বছরের সবচেয়ে তারকাবহুল ও জমজমার্ট আয়োজন হিসেবে আখ্যা দিয়েছেন গানপ্রেমীরা। প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত আর্মি স্টেডিয়ামের সেই কনসার্ট উপভোগ করেন ২৫ হাজারেরও বেশি দর্শকশ্রোতা। পরদিন ইনডোর কনসার্ট আট ব্যান্ডের গান উপভোগ করেছেন সাড়ে তিন হাজার তরুণ–তরুণী।
বৃহস্পতিবারের সারা দিন থেমে থেমে ঝড়বৃষ্টি হলেও গতকাল শুক্রবারের দিনটা ছিল স্বাভাবিক। আগের দিনের বৃষ্টির কারণে গতকাল গেল কয়েক দিনের মতো গরমের তীব্রতা অতটা ছিল না। তাই তো নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করেন আয়োজকেরা। শুরুতেই পরিবেশনায় অংশ নেয় ব্যান্ড দৃক। এরপর একে একে মঞ্চে হাজির হয় দেশের সেরা ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা, ম্যাকানিক্স, তীরন্দাজ ও আর্টসেল। প্রথম সারির ব্যান্ডের এই মিলনমেলায় প্রথম ভাগে মঞ্চে ওঠে দৃক, ম্যাকানিক্স ও তীরন্দাজ। রাত ১১টায় আর্টসেলের গানে পর্দা নামে জেসিআই বাংলাদেশ রক ফেস্ট ২০২২-এর। প্রত্যেক ব্যান্ড তাদের জনপ্রিয় ৫টি করে গান পরিবেশন করে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যুবসম্প্রদায়কে সমাজ গঠনে একতাবদ্ধ করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, ‘তরুণ শক্তিকে এক করে দেশের উন্নয়ন করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলছি। জেসিআই বাংলাদেশের এই রক কনসার্ট সংগীতের সুরের মূর্ছনায় তরুণদের আরও উজ্জীবিত করবে বলেও আমাদের বিশ্বাস।’
এই আয়োজনে একসঙ্গে প্রায় ৩ হাজার তরুণ-তরুণী অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজকরা। আগামী বছরগুলোতেও এমন গানের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেছে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সংগঠনটির সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর প্রায় ২৫টির অধিক লোকাল অরগানাইজেশন কাজ করছে।