সিঙ্গাপুরে ব্লুজের শাস্ত্রীয় সংগীত উৎসব
ব্লুজ কমিউনিকেশনস সিঙ্গাপুরের স্যান্ডস থিয়েটারে আয়োজন করছে ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল: টাইমলেস ক্ল্যাসিক্যাল ইকো’ উৎসবের। ২১ থেকে ২৪ সেপ্টেম্বর মেরিনা বে স্যান্ডসের ওই মিলনায়তনের উৎসবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য ২১ জন শিল্পী।
উৎসবে কত্থক নৃত্য পরিবেশন করবেন কিংবদন্তি নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ। বাঁশিতে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, সন্তুরে পণ্ডিত শিবকুমার শর্মা এবং বেহালায় এল সুব্রামানিয়াম। উৎসবের চার দিন গান করবেন বাংলাদেশের শামা রহমান, লুভা নাহিদ চৌধুরী, লাইসা আহমদ লিসা ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
শাস্ত্রীয় সংগীতকে বিশ্বে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য, জানালেন ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম। তিনি জানান, ইতিমধ্যে অনলাইনে উৎসবের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সিঙ্গাপুরে উৎসবের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘সিঙ্গাপুর সারা বিশ্বের ব্যবসায়ীদের মিলনকেন্দ্র। প্রায় সব সংস্কৃতির মানুষ এখানে যাতায়াত করে। তা ছাড়া কানাডা, তাইওয়ান, হংকংয়ের বড় বড় সব প্রতিষ্ঠানের করপোরেট অফিসগুলোও সেখানে। সে জন্য সিঙ্গাপুরকেই উৎসবের জন্য বেছে নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য শাস্ত্রীয় সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করা।’
গত বছরের মে মাসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট মিলনায়তনে ‘আ ক্ল্যাসিক্যাল ওডিসি-আ ট্রিবিউট টু মায়েস্ত্রো রবিশঙ্কর’ কনসার্টের আয়োজন করেছিল ব্লুজ কমিউনিকেশনস। ফরহাদুল ইসলাম জানান, এই উৎসব সফল হলে পরেরবার অন্য কোনো দেশে উৎসব করবেন তাঁরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ার ও অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে শাস্ত্রীয় সংগীত উৎসব করার ইচ্ছা আছে তাঁদের।