সিটিসেল নয়, সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

শুদ্ধ সংগীতের প্রচার-প্রসারের লক্ষ্যে এক দশক আগে চ্যানেল আই চালু করে মিউজিক অ্যাওয়ার্ড। শুরু থেকে এই উদ্যেগের সঙ্গে যুক্ত ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। এবার আর তারা থাকছে না। এ বছর থেকে দেশীয় সংগীতের এই পুরস্কার আসরের সঙ্গে যুক্ত হয়েছে মুঠোফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিম্ফনি। ২৭ মে সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ড অনুষ্ঠিত হবে। আজ সোমবার সকালে চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানান।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। পুরস্কার প্রদানের পাশাপাশি ওই দিন দেশসেরা শিল্পীদের বিভিন্ন পরিবেশনাও থাকবে। অনুষ্ঠানে আজীবন সম্মাননা ছাড়াও ১৪টি বিভাগে সংগীতাঙ্গনের ২০১৪-১৫ সালের সেরাদের পুরস্কৃত করা হবে।
সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ডের এবারের আসরের প্রধান সমন্বয়কারী ইফতেখারুল চিশতী সুমন প্রথম আলোকে বলেন, ‘শুদ্ধ সংগীতের প্রচার ও প্রসারের ক্ষেত্রে এক দশকের বেশি সময় ধরে চ্যানেল আই কাজ করে আসছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগ সংগীতাঙ্গনের তরুণ প্রতিভাবানদের পৃষ্ঠপোষকতা আর গুণীজনদের প্রতি সম্মান জানানোর একটা প্রচেষ্টাও বলা যেতে পারে। সংগীতের বিভিন্ন শাখার মেধাবীদের অনুপ্রাণিত করাটাও আমাদের উদ্দেশ্য।’