সিডনিতে শুভর উদ্যোগে সুমন-ফুয়াদ-কণার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন, ফুয়াদ, শুভ ও কণা
সুমন, ফুয়াদ, শুভ ও কণা

‘ডি রক স্টার’খ্যাত সংগীতশিল্পী শুভ এখন অস্ট্রেলিয়ায় মিউজিক প্রডাকশন নিয়ে পড়াশোনা করছেন। শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত নন শুভ, দেশের পথশিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে সিডনিতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছেন তিনি। এ অনুষ্ঠানে গাইতেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন সুমন, ফুয়াদ ও কণা।

প্রথম আলোর সঙ্গে আলাপে এ প্রসঙ্গে শুভ জানিয়েছেন, বাংলাদেশে থাকার সময় পথশিশুদের নিয়ে কাজ করতেন তিনি। তাঁর অ্যালবামের গানে পথশিশুদের অধিকার নিয়েও কথা বলেছেন। আর অস্ট্রেলিয়া যাওয়ার পরও তাদেরকে ভুলে যাননি শুভ। এই কারণেই পথশিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে সিডনিতে এই অনুষ্ঠানের আয়োজন।
কাল বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে শিল্পীদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। শুভ জানান, ১ নভেম্বর সিডনির সাইলেন্স থিয়েটারে ‘লিসেন ফর’-এর ব্যানারে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ নাইট ২০১৫। তাঁদের সঙ্গে ডিজে হিসেবে থাকবেন রাহাত। থাকবে সংগীতশিল্পী ও চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্র প্রদর্শনী।
শুভ জানান, তাঁদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে সেভ দ্য চিলড্রেন। শুভর এই উদ্যোগ থেকে অর্জিত লভ্যাংশের পুরোটাই দেওয়া হবে বাংলাদেশের পথশিশুদের। আর পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটো’।
এদিকে, অনুষ্ঠানটি প্রসঙ্গে কণা বলেন, ‘এর আগেও দুবার অস্ট্রেলিয়ায় গান করতে গেয়েছি। এবার যাচ্ছি ভিন্নধর্মী একটি উদ্দেশে। আরেকটা আনন্দের ব্যাপার, এই প্রথম ফুয়াদের সঙ্গে আমি কোনো অনুষ্ঠানে গান গাইব।’
‘বাংলাদেশ নাইট ২০১৫’ অনুষ্ঠানের গেট খোলা হবে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায়। শুরু হবে ৫টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।