সিনেমার গানে বেলাল খান-ঐশী

ছবির গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী বেলাল খান ও ঐশী। ছবির নাম ‘ক্লাব ডি’। পরিচালক মিজানুর রহমান লাবু। সম্প্রতি বেলাল খানের স্টুডিওতে ‘ক্লাব ডি’ ছবির এই গানটির কণ্ঠধারণের কাজ শেষ হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে চলচ্চিত্রের কোনো গানে জুটি হলেন বেলাল ও ঐশী।
‘তোর বুকেতে খুব সুখেতে, আমি রাতদিন করে দেব পার, ভালোবাসতে এই যে বাজি, আমি মানবো না মানবো না হার’ এমন কথার গানটি লিখেছেন ছবির পরিচালক মিজানুর রহমান লাবু নিজে।
‘ক্লাব ডি’ ছবির এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন বেলাল খান। নতুন গানটি ব্যাপারে বেশ আশাবাদী বেলাল খান।
প্রথম আলোকে বেলাল খান বলেন, ‘অডিও অ্যালবামের গানের পাশাপাশি টুকটাক চলচ্চিত্রের গানও করছি। এরই ধারাবাহিকতায় ‘ক্লাব ডি’ ছবির এই গানটি করা।’ তিনি বলেন, ‘এটি রক মেলো ঘরানার একটি গান। আমি সাধারণত যে ধরনের গান করি নতুন ছবির এই গানটির ক্ষেত্রে তা থেকে বেরিয়ে এসেছি। নতুন ধরনের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
বেলাল খানের সুর ও সংগীতে ২০১১ সালে ‘পাগল তোর জন্য রে’ গানটির জন্য ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ’-এ সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন ন্যান্সি। সেই গানটিতে ন্যান্সির পাশাপাশি বেলালের কণ্ঠও ছিল। গানটির কারণে ন্যান্সির পাশাপাশি বেলাল খানও বেশ আলোচিত হন। বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবাম মুক্তি পাচ্ছে প্রায় তিন বছর পর। নাম ‘আর একটিবার’।