সিলভার জুবিলিতে অন্য রকম শিরোনামহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলভার জুবিলি করতে যাচ্ছে ব্যান্ড শিরোনামহীন। আগামী ২৬ মে ঢাকার বসুন্ধরার এক্সপো জোনে আয়োজন করতে যাচ্ছে কনসার্ট ‘দ্য অনলি হেডলাইনার’। ভারতের ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’র সঙ্গে যৌথভাবে কনসার্ট করবে শিরোনামহীন।
১৯৯৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশি ব্যান্ড শিরোনামহীন। চড়াই-উতরাই পেরিয়ে ২৫ বছর পূর্তি হলো তাদের। এ উপলক্ষে বছরজুড়ে থাকছে ব্যান্ডের নানা চমক। ব্র্যান্ডমিথের এ আয়োজনে অতিথি হিসেবে পারফর্ম করবেন খ্যাতনামা অন্য ব্যান্ড তারকারাও।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা
ছবি : সংগৃহীত।

আয়োজন নিয়ে শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও বিশ্ব মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নসের বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের কোলাবরেশনের কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। ব্যান্ড মিউজিক এ দেশে জনপ্রিয় হলেও নানা মহলের অনীহার শিকারে এই শিল্পে সর্বোচ্চ সম্মানজনক গৌরবময় এ রকম আয়োজন করা সম্ভব হয় না।’

একটি কনসার্টে গাইছে ব্যান্ড শিরোনামহীন
ছবি : সংগৃহীত

ব্যান্ডের অন্যতম কম্পোজার আহমেদ শাফিন বলেন, ‘এই প্রজেক্টের পেছনে গত ছয় মাস আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এ আয়োজনে উপস্থিত দর্শক-শ্রোতারা তাদের জীবনের অবিস্মরণীয় এক স্মৃতি নিয়ে যেতে পারবে। এ রকম আয়োজন আমাদের পক্ষেও আর হয়তো কখনোই করা সম্ভব হবে না, যেমনটা হয়নি মেটালিকা, স্করপিয়নসের মতো ব্যান্ডের।’
ব্যান্ডের প্রধান ভোকাল শেখ ইসতিয়াক জানান, এটা এক অসাধারণ অনুভূতি। ব্যান্ডের ব্যস্ততা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইসতিয়াক বলেন, ‘মিউজিক করার এমন ব্যস্ত জীবনের স্বপ্ন নিয়েই ব্যান্ড তৈরি হয়। আমার জীবনে তার প্রতিফলন পাচ্ছি।’

মঞ্চে শিরোনামহীন

শিরোনামহীনের এমন আয়োজন প্রসঙ্গে ব্র্যান্ডমিথের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের মানুষদের কাছে শিরোনামহীন শুধু একটি ব্যান্ড নয়, একটি আবেগ। সেই আবেগকে দর্শকদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতেই আমাদের বছরজুড়ে এ আয়োজন।’
ব্যান্ড শিরোনামহীনের বিশেষ অনুরোধে এ অনুষ্ঠানের টিকিটের মূল্য সীমিত রাখা হচ্ছে। শিগগিরই ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তা জানানো হবে। ২৬ মে সামনে রেখে ব্যান্ডটি তার ভক্ত ও শ্রোতাদের জন্য আর্টওয়ার্ক এবং কভার সং কম্পিটিশনের আয়োজনও করেছে।