সীমানা ছাড়ায়ে রয়েছ দাঁড়ায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যশালা মিলনায়তনে গতকাল শনিবার বাজছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে।’ জীবনের ওপারে দাঁড়িয়েও যেন পাশে রয়েছেন বাংলা সংগীতের দুই দিকপাল শিল্পী সুধীন দাশ ও সংগীতজ্ঞ করুণাময় গোস্বামী। তাঁদের শ্রদ্ধা জানিয়ে স্মরণানুষ্ঠানের আয়োজন করল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়ে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘নজরুলের প্রায় দুই হাজার গান সিডি আকারে ও স্বরলিপি আকারে তুলে দিতে পারব। এ ছাড়া পুরোনো গ্রামোফোন রেকর্ড থেকে ‘নয়েজ ফ্রি’ করে ৫০০ গান একসঙ্গে সিডিতে বের করছি। এই যে কাজগুলো হয়েছে, এর মধ্যমণি ছিলেন শিল্পী সুধীন দাশ।’

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বললেন সুধীন দাশের জীবনের অন্য দিকের কথা। গান সাধনার পাশাপাশি তিনি মাছ শিকার করতেন, তিনি ভালো গল্প বলিয়েও ছিলেন—এ কথা উঠে আসে তাঁর স্মৃতিচারণায়। সাংবাদিক ও শিল্পী সাদিয়া আফরিন মল্লিক বললেন, ‘সুধীন দাশের কাছে আমার গানের হাতেখড়ি হয়।’

অনুষ্ঠানে স্মৃতিচারণার পাশাপাশি চলে গান। স্মৃতিচারণা করেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সহসভাপতি ফাহিম হোসেন চৌধুরী, শিশুসাহিত্যিক আলী ইমাম, গান করেন শিল্পী সালাহউদ্দিন আহমদ, সঞ্জয় রায়, রোকাইয়া হাসিনা, আব্দুল ওয়াদুদ, শারমীন সাথী ইসলাম প্রমুখ। শিল্পীদের পাশাপাশি সমন্বিত গান পরিবেশন করে উত্তরায়ণ সংগীত দল। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি মাহমুদ সেলিম।