সংগীত নিয়ে পড়তে সুইডেনে নির্ঝর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজমেরী নির্ঝর
আজমেরী নির্ঝর

নয় বছর আগে আশা ভোঁসলের গাওয়া ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি গেয়ে শ্রোতাদের নজরে এসেছিলেন কণ্ঠ​শিল্পী আজমেরী নির্ঝর। এরপর পড়াশোনার জন্য চলে গিয়েছিলেন লন্ডন। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে (বর্তমান মেট্রোপলিটন ইউনিভার্সিটি) এমবিএ এবং অক্সফোর্ড ব্রুকস থেকে এসিসিএ শেষ করে ২০১০ সালে দেশে ফেরেন তিনি। পাঁচ বছর দেশের থাকার পর উচ্চশিক্ষার্থে আবারও দেশের বাইরে গেলেন নির্ঝর। এবারের গন্তব্য সুইডেন। আর সুইডেনে এবারে তিনি পড়াশোনা করবেন সংগীত নিয়ে।

আজ বৃহস্পতিবার সকালে সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নির্ঝর। সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে পড়াশোনা করবেন তিনি। সেখানে থাকবেন বছর তিনেক। পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়টি পুরোপুরি গোপন রাখতে চেয়েছিলেন তিনি। তাই পরিবার ও কাছের মানুষদের বাইরে বিষয়টি জানাতে চাননি। বুধবার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপে সংগীত নিয়ে পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়টি জানিয়েছেন নির্ঝর।
প্রথম আলোকে নির্ঝর বলেন, ‘গানকে আমি কোনো দিনই প্রধান পেশা হিসেবে নিইনি। গান ভালোবাসি। গান করি নিজের তৃপ্তির জন্যই। গানের জন্য আমি অনেক ভালোবাসাও পেয়েছি। তবে সব সময় আমি মনে করেছি, সবাইকে আগে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই।’
নির্ঝর জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি নিজের ভালো লাগার জন্য গান গাওয়ার বিষয়টা সব সময় চালু থাকবে।
লন্ডনে পড়াশোনা শেষ করে ২০১০ সালে বাংলাদেশে ফিরে আবারও গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্ঝর। এ সময়ে ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গানগুলো নির্ঝরকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে আসে।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন নির্ঝর। খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুলসংগীতের তালিম নিয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক পুরস্কারই পেয়েছেন এই শিল্পী।
এ পর্যন্ত তিনটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে নির্ঝরের। এগুলো হচ্ছে ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)। কিছুদিন আগে জানিয়েছিলেন নজরুল সংগীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে চান তিনি। সেভাবে প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যাওয়ার কারণে আপাতত তা আর হচ্ছে না। তবে, সময়-সুযোগ মিলে গেলে অ্যালবামটির কাজ শেষ করবেন বলেই জানিয়েছেন নির্ঝর।