সুইফট ও অ্যাডেল সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পী: ফোর্বস

এ বছর গান গেয়ে সবচেয়ে বেশি আয় করেছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট এবং ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল। বাণিজ্যসংক্রান্ত প্রভাবশালী সাময়িকী ফোর্বস গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
ফোর্বসের মতে, সুইফট (২৬) এ বছর সব মিলিয়ে ১৭ কোটি মার্কিন ডলার আয় করেছেন। ‘ব্যাড ব্লাড’ সংগীতখ্যাত সুইফটের পরে আছে ইংলিশ-আইরিশ পপ ব্যান্ড ওয়ান ডিরেকশন। এ বছর এদের আয় ১১ কোটি মার্কিন ডলার। এ দলে আছেন নিয়াল হোরান, লিয়াম পেইনি, হ্যারি স্টাইলস, লুইস টমলিনসন।
‘হ্যালো’খ্যাত শিল্পী অ্যাডেলের সাড়ে আট কোটি ডলার। গত বছর তাঁর অ্যালবাম ‘২৫’ সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম ছিল। এ বছরও তাঁর অ্যালবাম ভালো বিক্রি হয়েছে।
মার্কিন পপ তারকা ম্যাডোনার ‘রিবেল হার্ট’ সাড়ে সাত কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে। তালিকায় এরপর আছেন বারবাডোজে জন্ম নেওয়া শিল্পী রিহান্না (আয় সাড়ে সাত কোটি ডলার), গার্থ ব্রুকস (সাত কোটি ডলার) রক ব্যান্ড এসি/ডিসি (৬ কোটি ৬৭ লাখ ডলার), রোলিং স্টোন (৬ কোটি ৬৫ লাখ ডলার)।
ফোর্বসের তালিকা অনুযায়ী, শীর্ষ ৩০ সংগীতশিল্পীর মোট আয় ১৮০ কোটি ডলার।