সুইফটকে নিয়ে কেলভিনের বিরহের গান

কিছুদিন আগেই মার্কিন গায়িকা টেলর সুইফট ও স্কটিশ ডিজে কেলভিন হ্যরিসের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। সুইফটের বিরহ অবশ্য দ্রুতই কেটে গেছে বলে মনে হচ্ছে। কারণ, ‘ব্রেক আপ’-এর দুই সপ্তাহ বাদেই এই গায়িকাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে। দুজনের বেশ সখ্যও গড়ে উঠেছে। কিন্তু সাবেক প্রেমিক কেলভিন এত সহজে প্রেম ভাঙার বেদনা ভুলতে পারছেন না। সুইফটকে নিয়ে এরই মধ্যে বিরহের গান লিখতে শুরু করেছেন তিনি।
কেলভিন মনে করেন, জনসমক্ষে সবকিছু প্রকাশ না করে সংগীতের মাধ্যমে তা প্রকাশ করাই শ্রেয়। আর তাই গানে গানেই শোনাবেন তাঁর বিরহের গল্প। কেলভিনের পরবর্তী অ্যালবামেও এই গানটি থাকছে। সংগীতশিল্পী কেনি ওয়েস্টও এই অ্যালবামে থাকবেন বলে শোনা যাচ্ছে।
কেলভিন আর সুইফটের মধ্যে সবকিছুই ঠিকঠাক চলছিল। মাস খানেক আগে একসঙ্গে প্রেমের এক বছর পূর্তি উদ্যাপনও করেছিলেন তাঁরা। কিন্তু হুট করেই কী যেন হলো সুইফটের। একটা টেলিফোন কল করেই শেষ করে দিলেন সব সম্পর্ক। বিষয়টা মেনে নিতে পারেননি কেলভিন। মাত্র এক মাস আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার চোট কাটিয়ে উঠেছেন এই তারকা। মিরর।