সুইফটময় 'এএমএ' রাত

গেল মাসে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড’ (ইএমএ) সংগীতশিল্পী টেইলর সুইফটের মন ভেঙে দিলেও, এবার সে ক্ষতের যন্ত্রণা কিছুটা হলেও কমেছে। গত রোববার অনুষ্ঠিত ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’-এর (এএমএ) আসরে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার জিতে টেইলর সুইফটই সবার চেয়ে এগিয়ে আছেন। এ রাতে ‘এএমএ’-র আসরে তিনি পেয়েছেন মোট তিনটি বিভাগে সেরার পুরস্কার।
সং অব দ্য ইয়ার, ফেভারিট অ্যালবাম ও ফেভারিট আর্টিস্টের পুরস্কার জেতেন টেইলর সুইফট। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে সুইফট তিনটিতেই বিজয় ছিনিয়ে নেন। তাই বলা যায়, এই জয় তাঁকে ইএমএ-এর শোক কাটাতে সাহায্য করেছে বেশ।
কিছুদিন আগে ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড (ইএমএ) আসরে এই ‘ব্যাড ব্লাড’ তারকা এক দারুণ বিব্রতকর অবস্থাতেই পড়ে গিয়েছিলেন। সবাইকে ছাপিয়ে ইএমএ-র আসরে সুইফট পেয়েছিলেন নয়টি বিভাগে মনোনয়ন। কিন্তু মূল অনুষ্ঠানের দিন বিজয়ী হিসেবে সুইফটকে পেছনে ফেলে সবচেয়ে বেশি পুরস্কার জেতেন পপসংগীত শিল্পী জাস্টিন বিবার। সেবার সুইফটকে মাত্র দুটি পুরস্কার জিতেই খুশি থাকতে হয়েছিল। তাই এবার এএমএ আসরে আনুপাতিক হারে পাঁচটি মনোনয়নের বিপরীতে তিনটিতে জয় নেহাত মন্দ নয়।
প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, এএমএ আসর জয় নিয়ে হয়তো সুইফটের মনে খানিকটা সংশয় ছিল। যে কারণে আবারও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে ভেবে তিনি এবারের এএমএ আসরেই হাজির হননি। অবশ্য, সুইফট পুরস্কার জেতার পর আনুষ্ঠানিক বিবৃতিতে জানা যায় আসল ঘটনা। সুইফটের ‘১৯৮৯’ ট্যুরের কারণে তিনি জয়ের স্বাদ নিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড আসরে হাজির হতে পারেননি।
এবারের ‘এএমএ’ আসরে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পড়েছিল সংগীত তারকা জেনিফার লোপেজের ওপর। তিনি তাঁর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, এমনটাই বলেছেন অনুষ্ঠান দেখে বেরিয়ে আসা দর্শকেরা। ওই দিন ২৩টি পুরস্কার প্রদান ও ১৯টি পারফরম্যান্সের মধ্যে নাকি সঞ্চালক লোপেজের নাচের অংশটি ছিল অন্যতম আকর্ষণীয় পরিবেশনা। তা ছাড়া আরিয়ানা গ্র্যান্ড, কোল্ডপ্লে, সেলিন ডিওন, দ্য উইকএন্ড এবং সবশেষে জাস্টিন বিবারের পরিবেশনাও মুগ্ধ করেছে দর্শকদের।
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের এটি ছিল ৪৩তম আসর। এবারের আসরে বারবারই স্মরণ করা হয়েছে প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো মানুষদের। তারকারা মঞ্চে উঠে স্মরণ করেন হামলায় নিহত ও আহতদের।
বিজয়ীর তালিকায় সুইফট ছাড়াও ছিল ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের নাম। বিভিন্ন বিভাগে জয়ী হয়ে ঘরে পদক তুলে নিয়েছেন রিয়ান্না, জাস্টিন বিবার, আরিয়ানা গ্র্যান্ড, লিউক ব্রায়ান, নিকি মিনাজ, দ্য উইকএন্ড, কেলভিন হ্যারিস সহ আরও অনেকে। গার্ডিয়ান।