সুইফটের বিশ্বাসঘাতকতা নিয়ে হ্যারিসের গান


এটা অনেকটা অবধারিতই ছিল—গায়িকা টেলর সুইফট ও ডিজে কেলভিন হ্যারিসের প্রেম ভাঙার পর একটা দারুণ বিচ্ছেদি গান পাবেন শ্রোতারা। কারণ, সুইফট তাঁর প্রায় সব সাবেক প্রেমিককে নিয়েই গান বেঁধেছেন। তাই এবারও গানপ্রেমীরা অপেক্ষায় ছিলেন নতুন গানের। হ্যাঁ, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। আসছে নতুন গান। তবে পিছিয়ে গেছেন টেলর সুইফট। কারণ, সুইফটের আগে তাঁকে নিয়ে গান বেঁধে ফেলেছেন কেলভিন হ্যারিস। সেই গান হ্যারিস শিগগিরই মুক্তি দিতে যাচ্ছেন।
টেলর সুইফট ইদানীং তাঁর নতুন প্রেমিক অভিনেতা টম হিডেলস্টোনকে নিয়ে মহাব্যস্ত। সেই সুযোগটাই কাজে লাগালেন কেলভিন হ্যারিস। তিনি এরই মধ্যে তাঁর নতুন গানের ভিডিও তৈরি করে ফেলেছেন। গানটি হ্যারিস লিখেছেন বিশ্বাসঘাতকতা নিয়ে। প্রেমের সম্পর্কে এক তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ও সেই ব্যক্তির দৃষ্টি থেকে একটি প্রেমের করুণ সমাপ্তির গল্প শোনা যাবে এ গানে। অর্থাৎ, কোনো দ্বিধা ছাড়াই বলা যায়, হ্যারিস গানটি লিখেছেন টম হিডেলস্টোনের দৃষ্টি থেকে। তবে যাঁরা গানটি না শোনা পর্যন্ত এ কথা বিশ্বাস করতে চাইছেন না, তাঁদের জন্য বলে রাখি, হ্যারিস স্পষ্টভাবেই গানটিতে টমকে তুলে ধরেছেন। কারণ, এর এক অংশে তিনি ব্যবহার করেছেন টমের জনপ্রিয় ‘থর’ ছবির ‘লোকি’ চরিত্রটির নাম। এখন শুধু অপেক্ষা টেলর সুইফটের জবাবের। দেখা যাক, সুইফট তাঁর গানের কথায় আর সুরে কেমন করে হ্যারিসকে জবাব দেন। টিএমজি।