সুজানাকে বিয়ে করলেন হৃদয় খান

সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হৃদয় খান বিয়ে করেছেন। পাত্রী তাঁর বন্ধু মডেল ও অভিনয়শিল্পী সুজানা। চার বছরের পরিচয় তাঁদের। সম্প্রতি হৃদয় ও সুজানার পরিবার তাঁদের বিয়ের ব্যাপারটি চূড়ান্ত করে। গত শুক্রবার সন্ধ্যায় মিরপুরে সুজানার বাবার বাসায় ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা।
গতকাল শনিবার হৃদয় খান বলেন, ‘সুজানাকে আমি ভালোবাসি, তা সব সময়ই বলেছি। এবার আমাদের ভালোবাসা চূড়ান্ত রূপ পেয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
হৃদয় জানান, কথা ছিল শুধু বাগদান হবে। কিন্তু পরে পরিবারের সবাই মিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুকে সুজানা নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘হৃদয় খানের সঙ্গে আছি। সবকিছুর জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ।’
হৃদয় জানান, এ মাসেই মধুচন্দ্রিমা কাটাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাঁরা। সেখান থেকে ফিরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হবে। বিয়ের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়াভাবে তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়।