সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবিনা

বাংলাদেশের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে এবার দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল’ (ডিসিআই) সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন তিনি। শিশুদের সাহায্যার্থে তহবিল গঠনের জন্য তিনি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডিসিআই আয়োজিত অনুষ্ঠানে গান করছেন। মাসব্যাপী এই সংগীতসফরে ১ সেপ্টেম্বর তিনি গান করেছেন ওয়াশিংটন ডিসিতে আর ৬ সেপ্টেম্বর শিকাগোতে। আজ তিনি গান করবেন ওয়েস্ট মায়ামিতে। সাবিনা ইয়াসমীনের পরবর্তী অনুষ্ঠানগুলো হবে ১৪ সেপ্টেম্বর অরল্যান্ডোতে, ২০ সেপ্টেম্বর আটলান্টায়, ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ২৮ সেপ্টেম্বর নিউ জার্সিতে।
যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বাংলাদেশে ডিসিআইয়ের বিভিন্ন কার্যক্রম দেখেছেন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার আগে তিনি বাংলাদেশের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন। এসব অনুষ্ঠান থেকে যে তহবিল পাওয়া যাবে, তা এই শিশুদের জন্য খরচ করা হবে।
ডিসিআইয়ের শুভেচ্ছাদূত জনপ্রিয় অভিনেত্রী ববিতা। এর আগে তিনি বাংলাদেশের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের ব্যাপারে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এ মাসের শেষ দিকে দেশে ফিরবেন সাবিনা ইয়াসমীন।