সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে কনসার্ট
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করার জন্য গান গাইবেন সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চু, সৈয়দ আব্দুল হাদী, হায়দার হোসাইনসহ অনেকে। কনসার্টে উপস্থিত থাকবেন অভিনেত্রী ববিতা। আগামী ৩ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হবে ‘ফান্ড রাইজিং কনসার্ট’ নামের অনুষ্ঠানটি। যৌথভাবে এই কনসার্টের আয়োজন করবে ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
কনসার্টের বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, হায়দার হোসাইন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী মমিনুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এ এফ এম বরকতউল্লাহ, ডিসিআইয়ের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ডা. এহসান হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনসার্টের টিকিটের মূল্য ১ হাজার ২০০ টাকা। এই অর্থের মাধ্যমে প্রত্যেক সুবিধাবঞ্চিত শিশুকে সমপরিমাণ অর্থ–সহায়তা দেওয়া হবে। ডিসিআইয়ের এই মহতী উদ্যোগে সহায়তা করছে আইপিডিসি।