সুমনকে যেভাবে সুযোগ করে দিয়েছিলেন জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম সারির বেজ গিটারিস্টদের একজন সাইদুস সুমন। মূল ধারায় তাঁকে প্রথম সুযোগ কে দিয়েছিলেন জানেন? জেমস।

জেমসের সঙ্গে সুমন
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় এই রকস্টারের জন্মদিনে নিজের বেজিস্ট হওয়ার পেছনের গল্পটা বলতে গিয়ে ‘গুরু’র অবদানের কথা অকপট স্বীকার করলেন অর্থহীন ব্যান্ডের এই শিল্পী।

অর্থহীন ব্যান্ডের সুমন
ছবি : সংগৃহীত

ফেসবুকে এক পোস্টে সুমন জানান, এসএসসি পরীক্ষা দিয়ে ইমন নামের এক বন্ধু একদিন জেমস ভাইয়ের বাসায় নিয়ে গেল। সেখানে জ্যামিং করতে হবে। আমার নিজের কোনো বেজ গিটার ছিল না। বন্ধুর কাছ থেকে একটা বেজ নিয়ে অনেক নার্ভাস অবস্থায় গেলাম জেমস ভাইয়ের বাসায়। সেখানে জেমস ভাইসহ ফিলিংস ব্যান্ডের সবাই প্র্যাকটিস করছিলেন। শুধু কোনো বেজিস্ট ছিলেন না। আমাকে জেমস ভাই বললেন, ‘বেজ ধরো।’ আমি ভয়ংকর নার্ভাস অবস্থায় তাঁদের সঙ্গে বাজানো শুরু করলাম। বেশ কিছুক্ষণ জ্যাম আর আড্ডা দেওয়ার পর আমি অনেকটা স্বাভাবিক অবস্থায় এলাম। পরবর্তী কবে আবার প্র্যাকটিসে আসতে হবে, সেটা আমাকে জানিয়ে দিলেন। আমি বের হয়ে যাওয়ার সময় জেমস ভাই বললেন, ওয়েলকাম টু ফিলিংস।’

মাহফুজ আনাম জেমস
ছবি : সংগৃহীত

নিজের মনের পরের অবস্থা তুলে ধরতে গিয়ে সুমন পোস্টে লিখেছেন, ‘আমার সে সময়ের অনুভূতি লিখে বোঝানো সম্ভব নয়। একটা ছেলে, যে কিনা এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য বসে আছে, বুকে অনেক স্বপ্ন—একদিন এ রকম একটা ব্যান্ড বানাব, যে ব্যান্ডকে দেশের মানুষ চিনবে; তাঁকে জেমস ভাই বলছেন, ওয়েলকাম টু ফিলিংস! কিশোর একটা ছেলের, যার নিজের কোনো বেজ গিটার নেই, তার ফিলিংসের মতো একটা মেইন স্ট্রিম ব্যান্ডে জয়েন করাটা চিন্তা করতে পারেন? অনেক অনেক বছর আগে জেমস ভাই কিন্তু ঠিকই ব্যাপারটা খুব সহজভাবেই চিন্তা করেছিলেন। আমাকে মেইন স্ট্রিমে বেজিস্ট হিসেবে খুব সহজে জায়গা করে দেওয়ার পেছনে মানুষটার অবদান অনেক! শুভ জন্মদিন জেমস ভাই! আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন।’