সুমনের রাগ চুরি হয়ে গেছে
হাসপাতালের বিছানায় বসে রূপক তালে রাগ হংসধ্বনিতে বন্দিশ গাইছেন কবীর সুমন। ফেসবুকে সে গান শুনে আশ্বস্ত হয়েছেন অনুরাগীরা, সুমন ভালো আছেন। যেকোনো তরুণের চেয়ে ফেসবুকে তিনি ভীষণ সক্রিয়। গতকাল হাসপাতাল থেকেই এক ফেসবুক পোস্টে অভিযোগ তোলেন তাঁর একটি রাগ চুরি হয়ে গেছে।
আমৃত্যু বাংলা খেয়াল গেয়ে যেতে চান কবীর সুমন। এমনকি ঢাকায় খেয়ালের আসর হলে গাইতে আসার ইচ্ছা পোষণ করেছেন তিনি। তাই দিনে–রাতে খেয়াল গাইছেন, রেকর্ড করছেন, অনুরাগীদের জন্য পোস্ট করছেন ফেসবুকে। সৃষ্টি করছেন নতুন সব রাগ। সম্প্রতি তাঁর সৃষ্ট ‘আহীর বৈরাগী’ নামে একটি রাগ চুরি হয়ে গেছে বলে ফেসবুকে পোস্ট দেন সুমন। তিনি লেখেন, ‘বছরখানেকেরও আগে আমি আহীর বৈরাগী নামে একটি রাগ তৈরি করে ফেসবুকে জানিয়েছিলাম। রাগরূপ জেনে এক অচেনা বাঙালি যুবক যোগাযোগ করে জানান, তিনি ওই রাগটি বাজাতে চান। তাঁর সঙ্গে আমার কথা হয়। তিনি শিখে নিয়ে আমায় তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তারপর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রানা প্রচার করতে থাকেন যে রাগটি তাঁরই সৃষ্টি। সেই সঙ্গে তিনি আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়ালকে আক্রমণ করেন। এমন ঘটনা তাঁর চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়তো।’
গত মাসের শেষে হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন সুমন। একটু সুস্থ হয়ে ফেসবুকে লিখেছেন, ‘সেরে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাব। আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত।’
হাসপাতালের বিছানায় বসে সুমন গাইছিলেন, ‘সারা আকাশ আজ এমন ঝলমলে/ প্রতিটি তারা আজ তোমার কথা বলে/ তুমি কোথায় আজ কিছু কি আসে যায়/ রাতের হাওয়া ডাকে আমার জানলায়...।’