
আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষে দর্শকেরা বেরিয়ে যাওয়ার পথে ঘটেছিল ভয়াবহ বোমা হামলা। গত ২২ মে রাতের সেই মর্মান্তিক ঘটনার পর থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরটি ঘিরে ছিল শোকের ছায়া। তবে যাঁর গানের শেষে এই দুর্ঘটনাটি ঘটে, শহরে তাঁর গান দিয়েই আবার ফিরে আসে উচ্ছ্বাস। সেই আরিয়ানা গ্র্যান্ডের আরেকটি কনসার্টের মধ্য দিয়েই ম্যানচেস্টারবাসী নিজেদের শোককে শক্তির রূপে প্রকাশ করেন। বিশ্ববাসীকে জানিয়ে দেন, কোনো অপশক্তিই সংগীতকে ছাপিয়ে যেতে পারে না। গত রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ নামের কনসার্টের মধ্য দিয়ে এমন বার্তাই পৌঁছে যায় সবার কাছে।
তারকাবহুল ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্টে অংশ নেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জনপ্রিয় সংগীত তারকারা। আরিয়ানা গ্র্যান্ডের পাশে এদিন গান করেন মাইলি সাইরাস, জাস্টিন বিবার, ফ্যারেল উইলিয়ামস, কেটি পেরি, রবি উইলিয়ামস ও গানের দল কোল্ডপ্লেসহ অনেকে।
মামফোর্ড অ্যান্ড সন্স ব্যান্ডের দলনেতা মারকাস মামফোর্ডের গান দিয়ে শুরু হয় কনসার্ট। মারকাস মঞ্চে উঠেই ম্যানচেস্টার হামলায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাইকে এক মিনিটের নীরবতা পালনের অনুরোধ করেন। এরপর একে একে সবাই নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করেন কথায় ও গানে। মঞ্চে সেদিনের বর্বরোচিত হামলার কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েন জাস্টিন বিবার।

এদিকে পপ তারকা মাইলি সাইরাস মঞ্চে উঠে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান শ্রোতাদের। উল্লাসে ফেটে পড়ার আহ্বান জানান। তাঁর সঙ্গে কণ্ঠ মেলান ‘হ্যাপি’ গান–খ্যাত ফ্যারেল উইলিয়ামসও। তিনি বলেন, ‘চলো, আমরা পৃথিবীকে দেখিয়ে দিই আমাদের প্রাণোচ্ছলতা।’
ম্যানচেস্টারে কনসার্টে হামলায় প্রাণ হারান ২২ জন এবং আহত হন ১১৬ জন। এবারের কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি দেওয়া হবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য গঠিত তহবিলে।
৫০ হাজার দর্শক হাজির হয়েছিলেন ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্টে। এতে অংশ নেন ২২ মের হামলার শিকার হওয়া শ্রোতারাও। বিনা মূল্যে তাঁদের দেওয়া হয় টিকিট। নগদ বিক্রির জন্য বাজারে ছাড়া হয় ৩৫ হাজার টিকিট। প্রতিটি টিকিটের দাম ধরা হয় ৪০ পাউন্ড। অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। পরে জানা যায়, অনেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই টিকিট ১ হাজার ২০০ পাউন্ড দিয়ে কিনেছেন। তা ছাড়া যাঁরা এই কনসার্ট সরাসরি দেখতে পারেননি, তাঁদের জন্য বিবিসি, টুইটার, ফেসবুক, ইউটিউব ও এমটিভিতে সরাসরি দেখানো হয়। ১৮০টি দেশের মানুষ উপভোগ করেন এই অনুষ্ঠান। এএফপি।